Home আন্তর্জাতিক ফুজি পর্বতে এবার বরফ নেই, ১৩০ বছরের রেকর্ড ভঙ্গ

ফুজি পর্বতে এবার বরফ নেই, ১৩০ বছরের রেকর্ড ভঙ্গ

42


অনলাইন ডেস্ক।।
জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে এখনও কোনো বরফের দেখা নেই। ১৩০ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম বছরের এই সময়টিতে ফুজির চূড়ায় কোনো বরফ জমতে দেখা যায়নি। যদিও প্রতিবছরই সাধারণত অক্টোবর মাসের শুরুর দিকে বরফ জমতে শুরু করে। এ অবস্থায় জাপানিদের সবচেয়ে প্রিয় এই পর্বতটি জলবায়ু সংকটের মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, মাউন্ট ফুজির চূড়ায় বরফ জমতে (স্নোক্যাপ) শুরু করার স্বাভাবিক সময় ধরা হয় সাধারণত ২ অক্টোবর। কিন্তু ২৯ অক্টোবরও ফুজিতে বরফ জমেনি।

দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছিল, উষ্ণ তাপমাত্রার কারণে গত বছরের স্নোক্যাপটি নভেম্বরের শুরুর দিকে বেশির ভাগই আবার গলে গিয়েছিল। মাউন্ট ফুজির কাছাকাছি স্থানীয় কোফু আবহাওয়া অফিস ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে প্রতিবছরই এই অফিস ফুজিতে প্রথম তুষারপাতের ঘোষণা দিয়ে আসছে। কিন্তু এবারই প্রথম তারা ব্যতিক্রম একটি ঘোষণা দিয়েছে।

তারা জানিয়েছে, অসময়ে উষ্ণ আবহাওয়ার কারণে এবার ফুজিতে এখন পর্যন্ত কোনো বরফ জমেনি। কোফু আবহাওয়া অফিসের কর্মকর্তা শিনিচি ইয়ানাগি মঙ্গলবার বলেছেন, গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় এবং বৃষ্টিপাতের কারণে কোনো তুষারপাত হয়নি। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ফুজিতে স্নোক্যাপ শুরু হয়েছিল ২৬ অক্টোবর। সিএনএন।