Home খেলাধুলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রানের পাহাড়, রোহিতের আক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রানের পাহাড়, রোহিতের আক্ষেপ

24


স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারাতে পারলে আজই সেমিফাইনাল নিশ্চিত হবে ভারতের। অন্যদিকে, সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয় ভীষণ দরকার অস্ট্রেলিয়ার। এমন ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। তবে প্রথমে ব্যাট করে ২০৫ রানের পাহাড়সম স্কোর গড়ে মার্শকে হতাশ করল ভারত। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

গ্রস আইলেটে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। আবারও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি ফিরলেন কোনো রান না করেই। এরপরই অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনো শুরু করেন রোহিত শর্মা। এর মধ্যে মিচেল স্টার্কের এক ওভারেই ৪ ছক্কায় তুলে নেন ২৯ রান। রোহিত থামলেন দলের রান যখন ১১ ওভার ২ বলে ১২৭। ততক্ষণে খেলে ফেলেছেন ৪১ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংস। ৭টি চার ও ৮ ছক্কায় নিজের ইনিংস সাজান রোহিত। অবশ্য তার আগেই দলীয় ৯৩ রানের মাথায় ১৩ বলে ১৪ রান করে ফিরেছেন রিশাভ পান্ত।

রোহিতের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে যায়। সূর্যকুমার যাদব ১৬ বলে ৩১ রানের দারুণ ইনিংস খেললেও পাঁচে নামা শিভাম দুবের ইনিংস ছিল কিছুটা ধীরগতির। ২২ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে। তবে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ঠিকই দুইশ পার করে ভারত।

প্রথম ওভারে দারুণ বল করার পর দ্বিতীয় ওভারে ২৯ রান দেন স্টার্ক। তবে শেষ দুই ওভারে আবার বল হাতে জাদু দেখান এই গতিময় পেসার। শেষ পর্যন্ত ৪ ওভারে ৪৫ রান খরচায় তার শিকার ২ উইকেট। ২ উইকেট পেলেও ৪ ওভারে স্টোয়নিস খরচ করেন ৫৬ রান। অজিদের হয়ে বল হাতে সবচেয়ে সফল জশ হ্যাজলউড। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন এই পেসার।