বিনোদন ডেস্ক
বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নগরীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জিনাত বরকতুল্লাহর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিজরী বরকতুল্লাহ বলেন, আম্মার করোনা পজিটিভ। গ্রিন লাইফ হাসপাতালের এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট) বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে আম্মাকে একবার বি পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে। আরো কয়েকবার প্লাজমা দেওয়ার প্রয়োজন হতে পারে। বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আম্মার রক্তচাপ ও ব্লাড সুগার হঠাৎ বেড়ে যাচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন গতকালও ভালো ছিল। কিন্তু আজ ওঠানামা করছে। সবার কাছে দোয়া চেয়ে বিজরী বলেন, আসলে কীভাবে কী হলো কিচ্ছু বুঝতে পারলাম না। সবাই দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি রিকাভার করতে পারেন।










































