স্পোর্টস ডেস্ক।।
বর্তমানে ফুটবল অঙ্গনে আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে তার থাকা, না থাকা নিয়ে চলছে নানা নাটকীয়তা। রিয়ালে যাওয়ার জোর গুঞ্জন উঠেছে তার। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টিকে উসকে দিয়েছেন এমবাপ্পে নিজেই।
গতকাল রোববার ইনস্টাগ্রামে একসঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন এমবাপ্পে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে তিন রকম তাসের ‘নয় নম্বর’ কার্ড। পোস্টের মাধ্যমে এমবাপ্পে কী বোঝাতে চেয়েছেন সেটি স্পষ্ট নয়। জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম তাদের প্রতিবেদনে বলেছে, ‘এটাও মনে রাখতে হবে করিম বেনজেমা সৌদি ক্লাব আল-ইত্তিফাকে যোগ দেওয়ার পর রিয়াল মাদ্রিদের নয় নম্বর জার্সি খালি আছে’
এদিকে, স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলেছে, তিনটি ‘নয়’ দ্বারা আধ্যাত্মিক একটি তাৎপার্য নির্দেশ করে। যার মাধ্যমে কোনো একটি চক্রের শেষ এবং নতুন একটি শুরু বোঝায়।
আগামী ২০২৪ সাল পর্যন্ত অর্থাৎ ১ মৌসুম পিএসজির সঙ্গে চুক্তি আছে কিলিয়ান এমবাপ্পের। সেই মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে কোনো দলে যোগ দিতে পারবেন তিনি। তবে ফরাসি এই তারকাকে ফ্রি’তে ছাড়তে চায় না পিএসজি। ক্লাবটি চায়, হয় এমবাপ্পে নতুন চুক্তি করুক, নয়তো চড়া দামে বিক্রি করে দিতে চায় তাকে।
পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে গুঞ্জন চলছে। তবে সেটি আগামী মৌসুমেই। এই মৌসুম পিএসজিতে থাকলে ‘আনুগত্য’ ভাতা পাবেন এমবাপ্পে। রিয়ালও অপেক্ষা করছে আগামী বছরের জন্য। তবে দৃশ্যপট যা দাঁড়িয়েছে, তাতে এই মৌসুমেও এমবাপ্পে রিয়ালে যোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে, কয়েকদিন আগেই কিলিয়ান এমবাপ্পের জন্য আঁকাশছোয়া দামের প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল-হিলাল। ফরাসি এই ফরোয়ার্ড এমবাপ্পের জন্য রেকর্ড ২৫৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে রাজি আল-হিলাল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। ফুটবলের ইতিহাসে এত চড়া দামে দলবদলের ঘটনা আর ঘটেনি। ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার জুনিয়র। এখনো পর্যন্ত সেটিই সর্বোচ্চ দামে কোনো ক্লাবে যোগ দেওয়ার ঘটনা। তাতে সম্মতি জানিয়েছিল পিএসজিও। এমবাপ্পেকে বোঝাতে প্যারিসেও এসেছিল আল-হিলাল কর্তারা। তাদের সঙ্গে দেখাই করেননি এমবাপ্পে।











































