ঢাকা অফিস।।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০১৪ এবং ২০১৮ সালে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, তার মানে এই নয় যে আজীবন সুষ্ঠু নির্বাচন হবে না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন ইভিএমের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে তখন সরকার ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে। এই উদ্যোগ মনে হচ্ছে সরকারের এটা ইতিবাচক পদক্ষেপ।
শনিবার (২৮ জানুয়ারি) বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সদস্য ফরম উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নুর বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো যদি রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে পারে তাহলে বর্তমান সরকারও ইভিএমের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে, রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুর আরও বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। টানা ১৪ বছর ক্ষমতায় থেকেও এই সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। দেশকে খাদের কিনারে নিয়ে এসেছে। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিস্তা চুক্তি প্রসঙ্গে নুর বলেন, রংপুর একটি পিছিয়ে পড়া অঞ্চল। এখানে তিস্তা চুক্তি না হওয়ায় শুষ্ক এবং বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। কিন্তু দুঃখজনক যে, বর্তমান সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও ১৪ বছরে তিস্তা চুক্তি সম্পাদন করতে পারেনি এই সরকার। পুরো পশ্চিমা বিশ্ব সুষ্ঠু নির্বাচন বিষয়ে যেভাবে সরব হয়ে উঠছে এই সরকার চাইলেও গায়ের জোরে ২০১৪ এবং ১৮ সালের মতো নির্বাচন করতে পারবে না। কাজেই আমাদের এখন একটাই দায়িত্ব দেশের মানুষকে সচেতন করা যে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।
দেশে সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুর বলেন, ২০১৪ এবং ১৮ সালে বিনা ভোটের নির্বাচন করে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা কর্তৃত্ববাদ রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়েছে। আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের জনগণের মতো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে গণ অধিকার পরিষদ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে।
নুর বলেন, খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু হলে গণঅধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে।
গণঅধিকার পরিষদর যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নুরুল হক নুর। এসময় কেন্দ্রীয় ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেন।











































