মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার প্রধান সমন্ব্বয়ক ইউপি সদস্য মাহাবুবুর রহমানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় প্রায় ছয় লাখ টাকা, আট লিটার চোলাই মদ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গত মঙ্গলবার রাতে অভিযানটি পরিচালিত হয়।
আটক অন্যরা হলেন- চণ্ডীপুর গ্রামের রোস্তম আলীর ছেলে আবদুল হামিদ, হানুয়ার গ্রামের ইয়ামিন সরদারের ছেলে আবদুস সালাম, পৌর শহরের মোহনপুর পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের ছেলে রিপন, মহসীন সরদারের ছেলে লিটন, ঝিকরগাছা উপজেলার জাফরনগর গ্রামের নূর ইসলামের ছেলে সোহাগ হোসেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহীদ বিশ্বাস, পালবাড়ী এলাকার জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও খুলনা সদর উপজেলার বাঘমারা গ্রামের নরেশ রায়ের ছেলে স্নেহাংশু রায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন উপজেলার ঝাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে ইউপি সদস্য মাহাবুবুর রহমান ও আবদুল মান্নানের নেতৃত্বে একটি বাঁশবাগান, সাইফুল ইসলামের বাড়ি, আবদুল গফফারের পরিত্যক্ত বাড়ি, শেখপাড়ার একটি বাড়িসহ অন্তত ১০টি স্থানে জুয়ার আসর চলে আসছিল। অভিযোগ রয়েছে, এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনা হয়ে থাকে।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।











































