Home জাতীয় জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হলো বিজিবি দিবস

জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হলো বিজিবি দিবস

8

ঢাকা অফিস।।
যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস’। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিজিবি সদস্যদের পদক দেন তিনি। প্রধানমন্ত্রী পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি সদস্যদের বিশেষ দরবারও গ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সকালে ফজরের নামাজের পর পিলখানার সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সকালে মহাপরিচালকের সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর তৎকালীন ইপিআরের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণের অংশবিশেষ প্রচার করা হয়।