Home আঞ্চলিক ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয়...

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

30


তথ্য বিবরণী


১৮ বছর বয়সে ভোটার হওয়া গর্বের বিষয়। নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে পছন্দমত প্রার্থীকে ভোট দেওয়া নাগরিকের নৈতিক দায়িত্ব। ভোট প্রদানের মতো মৌলিক অধিকার প্রয়োগে অনীহা সুনাগরিকের লক্ষণ নয়। খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আজ (সোমবার) জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসকল কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।
সিটি মেয়র আরও বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিলো। এখন ১৮ বছর বয়সের সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।


খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম।


অনুষ্ঠানে পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের শিল্পীদের পরিবেশনায় ভোটার দিবস ও নির্বাচন বিষয়ে পটগান পরিবেশন করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর শহিদ হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

  • বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ৬ মার্চ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে খুলনা শিশু একাডেমি ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ৬ মার্চ সকাল নয়টায় খুলনা শিশু একাডেমি কার্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগে: প্লে থেকে ২য় শ্রেণি, খ-বিভাগে: ৩য় থেকে ৫ম শ্রেণি এবং গ-বিভাগে: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ক বিভাগের জন্য বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগের বিষয়: মুক্তিযুদ্ধ। গ-বিভাগ ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ক-বিভাগ চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি এবং খ-বিভাগ সপ্তম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। এছাড়া ঐদিন সকাল নয়টা থেকে প্রতিযোগিতা চলাকালিন খুলনা শিশু একাডেমি কার্যালয়ে বাংলাদেশ শিশু একাডেমির প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।

  • খুলনায় আত্মকর্মসংস্থান নিশ্চিতে আইসিটি প্রশিক্ষণ

আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিতে ‘লার্নিং এন্ড আর্নিং’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা আজ (সোমবার) সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন । সভায় জানানো হয়, ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান এবং বার্ষিক পাঁচশত কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে সরকারের আইসিটি বিভাগ কাজ করছে। ২০১৪ সালে চালু হওয়া ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের অধীনে বর্তমানে দেশের ৬৪ জেলায় দুই হাজার ব্যাচে ৪০ হাজার প্রশিক্ষণার্থী ৫০ দিনব্যাপী ২০০ ঘন্টার প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর ন্যূনতম একশ ডলার আয় নিশ্চিত করা হচ্ছে। খুলনায় ২০টি ব্যাচে মোট ৫০০ জন তরুণ-তরুণী এ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা ইন্টারনেটে ষবফঢ়.রপঃফ.মড়া.নফৎবমরংঃৎধঃরড়হ ঠিকানায় রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় প্রশিক্ষণ চলাকালীন ইন্টারনেটের সঠিক গতি নিশ্চিতের নির্দেশনা দিয়ে বলেন, দেশের আইসিটি প্রশিক্ষিত তরুণরা মালদ্বীপসহ বিশে^র বিভিন্ন দেশে কাজ করছে। দেশে এখন কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা প্রয়োজন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার মোঃ তকী ফয়সাল তালুকদার, জেলা আইসিটি প্রোগ্রামার মোঃ আবুজর রহমান, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আইসিটি বিষয়ক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।