০ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে আসা এম,টি সী লিংক উৎসব’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ লাল মিয়া (৫২)। সে ওই জাহাজের স্টাফ। আগুনে পুড়ে যাওয়া অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। তিনি বলেন, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুর সোয়া ১টার দিকে মোংলা বন্দরে আসা তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সী লিংক উৎসব’ এ আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা মোঃ ইয়াছিন (৫০) ও মোঃ লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হন। এরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় বন্দর কর্তৃপক্ষের “সুন্দরবন” নামক একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসও তাতে যোগ দেয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙ্গর করার মূহুর্তেই তেলের ট্যাঙ্কার এমটি সি লিংক উৎসবে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মোঃ ইয়াছিন (৫০) ও মোঃ লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হলে তাদেরকে বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে দুপুর পৌঁনে দুইটায় খুলনা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিৎসক মোঃ আব্দুল হামিদ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর সময়ই মোঃ লাল মিয়ার (৫২) মৃত্যু হয়। অপরজন মোঃ ইয়াছিন (৫০) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশংকাজনক।
তেলের ট্যাঙ্কার ‘এমটি সী লিংক উৎসব’ জাহাজের মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার ফজলে নুর তাপস বলে জানা গেছে।











































