বিনোদন ডেস্ক
বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পুরো নাম ফরিদা আক্তার পপি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাঘেরহাটে জন্মগ্রহণ করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন। প্রতিবছর ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন করলেও এবার তাও করছে না এই কিংবদন্তি শিল্পী। করোনার কারণে জন্মদিনের সব আয়োজন বাতিল করেছেন।
ববিতা বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরেই থাকতে হচ্ছে। চারদিকে বিষণ্নতা। মনটা একদম ভালো না। তাই জন্মদিন পালন করা একদমই ভালো লাগছে না। অনেকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবার বাসায় ফুল নিয়ে আসেন। এবার আর হচ্ছে না।’
জন্মদিনে মজার কোনো স্মৃতির কথা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘‘চলচ্চিত্রে আমি তখন পপুলার। ‘টাকা আনা পাই’, ‘শেষ পর্যন্ত’ সিনেমাগুলো খুব চলছিল। এই সময় তখনকার পূর্বাণী হোটেলে আমি ঘটা করে জন্মদিন পালন করেছিলাম। তখন আমি গেন্ডারিয়া থাকতাম। বাসায় এত মানুষকে ইনভাইট করা কঠিন ছিল। তাই হোটেলে অনুষ্ঠান করতে হয়েছে। সেখানে চলচ্চিত্রশিল্পী, কলাকুশলী, সংবাদমাধ্যমের লোকজন সবাই এসেছিলেন। খুব নাচ-গান হয়েছিল। সেদিন আমি ও জাফর ইকবাল নেচেছিলাম। তখন তো জাফর ইকবাল-ববিতা সুপার হিট! অনুষ্ঠান শেষে আমরা সবাই বসে উপহারগুলো খুলে দেখছিলাম। তখন আমার ‘রাতের পর দিন’ সিনেমাটি সুপার হিট। সিনেমায় আমার আর সাইফুদ্দিন ভাইয়ের একটা গান ছিল। সেখানে তিনি নানা আর আমি নাতনি। দৃশ্যটিতে আমরা ডাব কেটে মানুষজনকে খাওয়াই আর গান করি। গানের কথাগুলো- কঁচি ডাবের পানি দু আনাতে খেয়ে নাও। তো জন্মদিনে একটি উপহার বক্স খুলে দেখি দুটো কচি ডাব! এ নিয়ে বন্ধু-বান্ধব সবাই খুব হাসাহাসি করেছিল।’’
সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় ববিতাকে। এরপর নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি।










































