Home খেলাধুলা মণিপুর সহিংসতা: ভারতীয় ফুটবলারের বাড়িতে আগুন

মণিপুর সহিংসতা: ভারতীয় ফুটবলারের বাড়িতে আগুন

177

স্পোর্টস ডেস্ক।।

ভারতের মণিপুর রাজ্যে চলমান সহিংসতা দিন দিন আরও বড় আকার ধারণ করছে। এতে অসংখ্য মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। বাদ যাননি খেলোয়াড়রাও। হায়দ্রাবাদের সেন্টার ব্যাক চিংলেনসানা সিং এই সহিংসতায় প্রায় সব কিছু হারিয়ে ফেলেছেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

চিংলেনসানা মণিপুরের চুরাচাঁদপুরের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার সব কিছু চলে গেছে। মণিপুরের সহিংসতা আমাদের সব কেড়ে নিয়েছে। আমাদের যা ছিল সব কিছু চলে গিয়েছে। আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চুরাচাঁদপুরে আমি একটা ফুটবল মাঠ বানিয়েছিলাম, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাল লাগছে না। ছোটদের ফুটবল খেলার জন্য জায়গাটা তৈরি করেছিলাম। সেটা শেষ করে দিল। আমার পরিবার কোনও মতে সেখান থেকে পালিয়েছে। কোনো এক ত্রাণ শিবিরে আছে ওরা।’

২৭ বছরের চিংলেনসানা বহু চেষ্টার পর তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই সময় বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলেন এই ফুটবলার। দ্রুত সিদ্ধান্ত নেন মা-বাবার কাছে যাবেন। একটুও দেরি করতে চাননি। তার বাড়ি, গ্রাম, তরুণ ফুটবলারদের তৈরি করার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। শুধু পরিবার বেঁচে রয়েছে।

 

অবশেষে সেই পরিবারকে পাশে পেয়ে কিছুটা নিশ্চিন্ত চিংলেনসানা। এখন তার একটাই চাওয়া, এই হিংসা বন্ধ হোক, নতুন করে সব কিছু শুরু করতে চান তিনি।

তিনি আরও বলেন, ‘আমি সব সময় চেয়েছি চুরাচাঁদপুরের তরুণ প্রতিভাদের একটা জমি তৈরি করে দিতে। সেখানে তারা নিজেদের মেলে ধরতে পারবে। তাদের পক্ষে সম্ভব নয়, কোনও ফুটবল স্কুলে ভর্তি হওয়া। আমি তাই সেই জায়গাটা তৈরি করতে চেয়েছিলাম। কেউ যদি পেশাদার ফুটবলার হতে চায়, তাকে সেই জায়গাটা করে দিতে চেয়েছিলাম। আগামী দিনে তারা হয়তো ভারতীয় দলের হয়ে খেলতে পারত। দেশের সেরা ফুটবলার হয়ে উঠতে পারত। কিন্তু এই ঘটনায় সব শেষ। আমার থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি চাইব নতুন করে শুরু করতে।’