সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে সর্বস্ব হারানো পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে ফেসবুক ভিত্তিক কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলার ভাটপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ আব্বাস আলীর বাড়িতে এ সহযোগিতা প্রদান করা হয়। এ সময় আব্বাস আলীর স্ত্রী লাকি খাতুনের কাছে ৫০ হাজার টাকা, এক বান টিন প্রদান করা হয়।
সহযোগিতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার শেখ মামুনুর রশিদ, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, গ্রুপের এ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ, খাইরুল কবির খান সাগর, সাংবাদিক মিশন আলী, তৌহিদুল ইসলাম, শোয়াইব উদ্দিন ও রিওন হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় আব্বাস আলীর। নিজেদের পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না। সহযোগিতার কামনা করেন বিত্তবানদের কাছে। এ নিয়ে গত ১৪ আগস্ট কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপ অসহায় আব্বাস আলীকে নিয়ে ফান্ড সংগ্রহ করেন। গ্রুপটির দেশ-বিদেশের সদস্যদের পাঠানো ৫০ হাজার টাকা জমা হয়। যা শুক্রবার দুপুরে উপস্থিত অতিথিদেও হাত দিয়ে প্রদান করা হয়।
অসহায় আব্বাস আলীর স্ত্রী লাকি খাতুন বলেন,আগুনে পুড়ে ঘরের কোন কিছুই নেই। সব শেষ হয়ে গেছে। এই টাকা দিয়ে একটা মাথা গোঁজার ঠাই বানাতে পারবো।বেঁচে থাকার একটা পথ পেলাম। এমন দূর্দিনে আমাদের পাশে দাঁড়ানো এবং মানবিক সাহায্য করেছে। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপের এ্যাডমিন শাহরিয়ার আলম সোহাগ জানান, ৫২ হাজার সদস্যের গ্রপটি কালীগঞ্জে সাধ্যমত মানবিক ও সামাজিক নানাবিধ মানবকল্যাণকর কাজ করে আসছে। নিজেদের চাওয়া পাওয়ার কিছু নেই। এ গ্রুপের সকল সদস্যই মানুষের কল্যানে কাজ করে যেতে চান। ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে চাই। সকলে সত্যিকারের অসহায় মানুষদের পাশে থেকে অবিরাম কাজ করে যেতে চান।









































