স্পোর্টস ডেস্ক।।
আগ্রাসী ব্যাটিং আর ছক্কা হাঁকানোর জন্য পরিচিত ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা এবার ভিন্ন এক কারণে শিরোনামে। দুর্ভাগ্যজনক এক রেকর্ডে নাম লিখিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই ‘ছক্কা মাস্টার’।
চলতি পঞ্জিকাবর্ষে মাত্র ১৮টি টি-টোয়েন্টি ইনিংসে ৭ বার শূন্য রানে আউট হয়েছেন অভিষেক। এর মধ্যে রয়েছে দুটি গোল্ডেন ডাকও।
এর ফলে এক বছরে সবচেয়ে বেশি ‘ডাক’ পাওয়ার রেকর্ড গড়ে তিনি ছাড়িয়ে গেছেন রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনের মতো তারকাদের।
পরিসংখ্যান বলছে, ’জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার (এর মধ্যে টানা দুই ম্যাচে শূন্য) এবং চলমান আইপিএলে আরো দুইবার শূন্য রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।’
অবশ্য এই একই বছরে বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে সমালোচকদের জবাবও দিয়েছিলেন অভিষেক। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির একসময় তাকে ‘স্লগার’ বললেও, বড় মঞ্চে পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন তিনি।
তবু ধারাবাহিকতার অভাব এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগ্রাসী খেলতে গিয়ে বারবার ঝুঁকিপূর্ণ শট নেওয়ায় দ্রুত আউট হচ্ছেন অভিষেক। বিশেষজ্ঞদের মতে, প্রতিপক্ষ বোলাররা ইতিমধ্যে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে ফেলেছে।










































