Home সম্পাদকীয় খুলনার বাতাসে বিপদ: সমন্বয়হীন উন্নয়ন ও দুর্বল নজরদারির মূল্য দিচ্ছে নগরবাসী

খুলনার বাতাসে বিপদ: সমন্বয়হীন উন্নয়ন ও দুর্বল নজরদারির মূল্য দিচ্ছে নগরবাসী

7
প্রতিকী ছবি

খুলনা মহানগরীর বায়ুদূষণ এখন আর সাময়িক সমস্যা নয়—এটি একটি গভীর ও দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। সড়কে লাগাতার খোঁড়াখুঁড়ি, ড্রেনেজ ও উন্নয়নকাজে অনিয়ম, নিয়মনীতি উপেক্ষা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ ইটভাটা এবং শিল্পকারখানার নির্গত ধোঁয়ার সম্মিলিত প্রভাবে খুলনার বাতাস প্রতিদিনই আরও বিষাক্ত হয়ে উঠছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা দুই মাসের বেশি সময় ধরে খুলনার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ ও বহুদিন ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে—যা নগরবাসীর জন্য স্পষ্ট সতর্কবার্তা।
দুঃখজনক হলেও সত্য, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব প্রকট। খুলনা সিটি কর্পোরেশন, ওয়াসা, সড়ক বিভাগসহ একাধিক সংস্থার একসঙ্গে চলমান উন্নয়নকাজে পরিবেশগত নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। খোলা সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখা, ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো বা ঢেকে রাখার ব্যবস্থা না করা, কাজ শেষে দ্রুত সড়ক সংস্কার না করা—এসব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। উন্নয়ন, যা নগরবাসীর স্বস্তির কথা ছিল, তা-ই আজ দূষণের অন্যতম প্রধান উৎসে রূপ নিয়েছে।
বায়ুদূষণের প্রভাব ইতোমধ্যে নগরজীবনে দৃশ্যমান। শিশুদের শ্বাসকষ্ট, বয়স্কদের শারীরিক জটিলতা, চোখ জ্বালা, মাথাব্যথা ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিন। চিকিৎসকদের সতর্কবার্তা স্পষ্ট—দূষিত বাতাস শুধু ফুসফুস নয়, হৃদযন্ত্র ও কিডনির ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। অথচ এই স্বাস্থ্যঝুঁকি হ্রাসে প্রতিরোধমূলক ব্যবস্থার চেয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতাই বেশি চোখে পড়ছে।
পরিবেশবিদরা বহুবার বলছেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ না হওয়ায় দূষণকারীরা কার্যত দায়মুক্তি পাচ্ছে। অন্যদিকে আন্তঃদেশীয় দূষিত বায়ুর প্রবাহ খুলনার পরিস্থিতিকে আরও জটিল করে তুললেও, স্থানীয় দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই।
খুলনার বায়ুদূষণ এখন কেবল পরিবেশগত ইস্যু নয়, এটি নগর ব্যবস্থাপনার সক্ষমতা ও সদিচ্ছার বড় পরীক্ষা। উন্নয়ন কাজের আগে পরিকল্পনা, সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পরিবেশগত ছাড়পত্রের শর্ত কঠোরভাবে মানা এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। অন্যথায় ‘উন্নয়ন’ শব্দটি নগরবাসীর কাছে ভয় ও ভোগান্তির প্রতিশব্দ হয়ে উঠবে।
খুলনাকে বাসযোগ্য রাখতে হলে এখনই দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। পরিষ্কার বাতাস নাগরিকের মৌলিক অধিকার—এই অধিকার রক্ষায় ব্যর্থ হলে তার মূল্য দিতে হবে পুরো নগরকেই।