স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) শেষ আসরে টিকিট দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সভাপতি জগন মোহন রাও। তাকেসহ আরও চার শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে তেলাঙ্গানা সিআইডি। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে সংস্থাটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তারা।
গ্রপ্তারকৃত আরও চার কর্মকর্তা হলেন এইচসিএর সিইও সুনীল কান্তে, কোষাধ্যক্ষ জেএস শ্রীনিবাস রাও, শ্রী চক্র ক্লাবের সভাপতি জি কবিথা ও সাধারন সম্পাদক রাজেন্দ্র যাদব। সবশেষ আইপিএল আসরে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর শুরু হয় তদন্ত। তারই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন এই পাঁচজন। অভিযোগটি দায়ের করা হয় সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই।
এইচসিএর বিরুদ্ধে সেই অভিযোগে বলা হয়, ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে ভয় দেখানো, ব্ল্যাকমেইল ও বলপ্রয়োগ করা হয়েছে। তারা আরও অভিযোগ করে, গত ২৭শে মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচের আগে স্টেডিয়ামের এফ৩ কর্পোরেট বক্স তালাবন্ধ করে রাখেন সভাপতি জগন মোহন। লখনৌ মালিক সঞ্জীব গোয়েনকারের জন্য বক্সটি বরাদ্দ করা হয়।
এমন অভিযোগের পর তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ভিজিল্যান্স তদন্দের আদেশ দেন। সেখান থেকে জানা যায়, নিজের পদের অপব্যবহার করে ফ্র্যাঞ্চাইজির ওপর চাপ দিয়ে গেছেন জগন মোহন। সে কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকেসহ বাকিদের।











































