Home খেলাধুলা ভুবনেশ্বরের সামনে দুই মাইলফলক ছোঁয়ার হাতছানি

ভুবনেশ্বরের সামনে দুই মাইলফলক ছোঁয়ার হাতছানি

0

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘ চার বছর জাতীয় দলে আবার ফিরেছেন পেস তারকা ভুবনেশ্বর কুমার। যাকে ছাড়া একসময় ভারতীয় পেস বোলিং লাইন আপ ভাবাই যেত না।

সেই তিনি ২০২২ সালের পর থেকে আর দেশের জার্সিতে সুযোগ পাননি। কিন্তু ধারাবাহিকভাবে আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে নজর কাড়েন নির্বাচকদের। নির্বাচকরাও আর উপেক্ষা করতে পারেনি। আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই সুইং মাস্টারকে।

আর এই সিরিজেই দুই মাইলফলক ছোঁয়ার হাতছানি ডানহাতি অভিজ্ঞ পেসারের সামনে। নিউজ আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর আগে শেষবার যখন জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন, সেটি ছিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচে শেষে টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৯০। খেলেছেন ৮৭ ম্যাচ।

আসন্ন সিরিজ আর ১০টি উইকেট পেলেই উইকেট সংখ্যায় সেঞ্চুরি হবে তার। সেক্ষেত্রে এর আগে ভারতের জার্সিতে অর্শদীপ সিংহ, জসপ্রীত বুমরা, হার্দিক, অক্ষর প্যাটেল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ভুবনেশ্বর কুমার পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়বেন।

শুধুমাত্র টি-টোয়েন্টি নয়। নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মোট ৩০০ উইকেট নেওয়ার হাতছানি রয়েছে ভুবনেশ্বর কুমারের সামনে।

তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৯৪ উইকেট নিয়েছেন ভুুবি। টেস্ট ও ওয়ানডেতে হয়তো ভারতীয় দলে তাকে আর দেখা যাওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তবে ৩৬ বছর বয়সী তারকা পেসার টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরো কয়েক বছর খেলবেন। আপাতত আসন্ন সিরিজে ৬ উইকেট নিলেই ভারতের ১৪ তম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ১ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।