Home আঞ্চলিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় খুলনার ছাত্রদল নেতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় খুলনার ছাত্রদল নেতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

8

ঢাকা অফিস।।

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে সাইফুলকে চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

ছাত্রদলের এই সাবেক নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন) এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুলের দেওয়া বক্তব্য প্রধানমন্ত্রীর নজরে আসে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করাসহ সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

এরপর গত ১১ অক্টোবর সাইফুলকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

নয়দিনের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খান সাইফুলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)।

এ সময় তারা সাইফুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা দেন।

আরও উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর জ্যেষ্ঠ সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের নির্যাতনের শিকার হন ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুল। এরপর তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

এর আগেও বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।