স্টাফ রিপোর্টার।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার দাকোপ উপজেলার পানখালি ইউনিয়ন, তিলডাঙ্গা ইউনিয়ন এবং চালনা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। আবহমানকাল ধরে এই জনপদে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি অন্যতম বড় মিলনমেলা। দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার এবং নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ও প্রশাসন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং প্রতিটি মণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো স্বার্থান্বেষী বা কুচক্রী মহল যেন কোনো ধরনের গুজব বা উসকানি দিয়ে এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে কড়া নজরদারি রাখার নির্দেশ দেন এই সংসদ সদস্য।

পরিদর্শনকালে মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে মন্দির কমিটিগুলোর প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আমীর এজাজ খান।











































