বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে সার্ভার কক্ষের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) মেশিন। বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী সেবা নিতে এসে অনেকেই ফিরে গেছেন। এর আগে রোববার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে সার্ভার কক্ষে থাকা ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আগুনের বিষয়টি টের পান কর্মকর্তারা।
অফিস সংশ্লিষ্টরা জানান, তাৎক্ষণিকভাবে সার্ভার কক্ষ খুলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগুনে সার্ভার, কম্পিউটার বা অন্যকোনো যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হয়নি। তবে এভিআর মেশিন নষ্ট হওয়ায় সোমবার সারাদিনই সেবা প্রদান কার্যক্রম অর্থাৎ পার্সপোর্টের ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।
ওভারলোডের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, এভিআর মেশিনটি সংস্কার করতে দেওয়া হয়েছে। এটি ঠিক হলে আগামী রোববার (২৫ অক্টোবর) থেকে পুনরায় সেবা দেওয়া শুরু হবে।
সহকারী পরিচালক আরও বলেন, মূলত লোডশেডিং শেষে যখন বিদ্যুৎ আসে তখন লোডের পরিমাণ অনেক বেশি ছিল। যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।











































