Home আলোচিত সংবাদ যন্ত্রণাদগ্ধ সহযোদ্ধার পাশে তারেক রহমান

যন্ত্রণাদগ্ধ সহযোদ্ধার পাশে তারেক রহমান

44


মিজানুর রহমান মিলটন।।


রাজনীতি কেবল ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা বা পদ-পদবির লড়াই নয়; রাজনীতির প্রকৃত অর্থ ও সৌন্দর্য ফুটে ওঠে মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে। রাজপথের লড়াই-সংগ্রাম আর মতাদর্শের পার্থক্যের ঊর্ধ্বে উঠে রাজনীতি যখন একজন অসহায়, অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তখনই তা অর্জন করে এক অনন্য মর্যাদা। রাজনীতির সেই সহমর্মী ও মানবিক রূপের এক দৃষ্টান্ত আবার প্রত্যক্ষ করল দেশবাসী। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় কাতর খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করে তাঁর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।


রাজপথের লড়াইয়ে ত্যাগের পরাকাষ্ঠা দেখানো একজন কর্মীর চিকিৎসা সহায়তার এ উদ্যোগ কেবল একটি সাধারণ অনুদানের ঘটনা নয়; এটি মূলত কঠিন সময়ে দিশেহারা এক কর্মীর পরিবারকে আশ্বস্ত করা এবং তাঁদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর এক গভীর মানবিক সদিচ্ছার প্রতীক।


সম্প্রতি খুলনা শহর এলাকায় চিকিৎসাধীন অবস্থায় রাজপথের লড়াকু সৈনিক খান সাইফুলের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা এই উদীয়মান সাবেক ছাত্রনেতার চরম শারীরিক অবস্থার কথা জানতে পেরে তিনি তৎক্ষণাৎ পদক্ষেপ নেন। তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং তাঁর পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ প্রদান করেন। নির্দেশ পাওয়ার পরপরই সমন্বিতভাবে চিকিৎসা কার্যক্রম শুরু হয় এবং বিষয়টি সার্বিক পর্যবেক্ষণে নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ।


সেই ধারাবাহিকতায় রোববার (১১ অক্টোবর ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ ঐতিহ্যবাহী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে আনুষ্ঠানিকভাবে ভর্তি করা হয় খান সাইফুলকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইফুলের শারীরিক জটিলতা কাটাতে দেশের শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে অসুস্থতার দুঃসহ ভার বহন করা সাইফুল এবং তাঁর স্বজনদের জন্য এই নিবিড় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হওয়া নিশ্চয়ই এক নতুন আশার প্রদীপ হয়ে এসেছে।


খান সাইফুলের অতীত ইতিহাসের পাতা উল্টালে উঠে আসে এক বিভীষিকাময় ও বেদনাবিধুর গল্প। জানা যায়, বিগত ২০১৩ সালে রাজনৈতিক পটভূমির উত্তাল সময়ে তৎকালীন সরকারের আমলে পুলিশি নির্যাতনের শিকার হন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম শারীরিক নির্যাতনের পর থেকেই মূলত তাঁর শারীরিক জটিলতা তৈরি হয় এবং তিনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন। জীবনের অতীব মূল্যবান সময়জুড়ে রোগের যন্ত্রণা ও অসুস্থতার বিরুদ্ধে একা লড়াই করা একজন কর্মীর কাছে সুস্থ জীবনে ফিরে আসার এই সুযোগটি অমূল্য। তাঁর চিকিৎসা যেন নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যায় এবং প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা হয়, সেটিই এখন সময়ের দাবি।


একজন রাজনৈতিক কর্মীর জীবনে ক্ষমতার আলো কিংবা রাজপথের অন্ধকার যেমন আসে, তেমনি আসে নিঃসঙ্গ দুঃসময়ও। কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাধি যখন কোনো মানুষকে গ্রাস করে, তখন রাজনৈতিক পরিচয়ের সীমা ছাড়িয়ে ব্যক্তিটির সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে মানবিক সহমর্মিতা, সঠিক চিকিৎসা সেবা এবং মানসিক শক্তি। তারেক রহমানের নির্দেশে খান সাইফুলের পাশে দাঁড়ানোর এই ঘটনা স্পষ্ট বার্তা দেয় যে, সহযোদ্ধা বা নিপীড়িত মানুষের প্রতি দায়িত্ববোধ কখনো পুরোনো হয় না। মতপার্থক্য কিংবা রাজনৈতিক মেরুকরণ যাই থাক না কেন, একজন অসুস্থ মানুষের স্বাভাবিক জীবনে ফেরার আকুল আকাঙ্ক্ষাকে সম্মান জানানোই হলো সুস্থ ধারার রাজনীতির মূল ভিত্তি।


উল্লেখ্য, এর আগেও তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাজধানীর হাসপাতালে খান সাইফুলের চিকিৎসার সুযোগ তৈরি করা হয়েছিল। এবারও তাঁর সার্বিক চিকিৎসা কার্যক্রম নিবিড় ও সমন্বিতভাবে পরিচালনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এখন প্রয়োজন নিয়মিত তদারকি, বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ধরে রাখা।


সাইফুলের চিকিৎসা সফল হোক, দীর্ঘ শারীরিক যন্ত্রণার অবসান ঘটুক এবং তিনি আবারও সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবার ও প্রিয়জনদের মাঝে নতুন হাসির জোয়ার ভাসান-এটাই আজ সমগ্র খুলনাবাসী ও দেশবাসীর একমাত্র আকুল প্রার্থনা। দীর্ঘ প্রতীক্ষার পর সাইফুলের সুস্থতার মধ্য দিয়ে একটি ত্যাগে ভাস্বর পরিবারের মুখে হাসি ফুটুক এবং রাজনীতিতে এই ধরনের মানবিক উদ্যোগ বারবার ফিরে আসুক।

(লেখক: সম্পাদক-দৈনিক খুলনাঞ্চল)