Home খেলাধুলা সোবহানার সেঞ্চুরি ম্লান, অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের

সোবহানার সেঞ্চুরি ম্লান, অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের

12

স্পোর্টস ডেস্ক।।

সোবহানা মোস্তারির দুর্দান্ত সেঞ্চুরি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির লড়াকু ফিফটি; কোনো কিছুই কাজে এল না। ব্যাট হাতে দুজনের রেকর্ড ১৯৫ রানের জুটিতে ২২০ রানের পুঁজি পেলেও অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ নারী দল।

ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ফারজানা হক (০), শারমিন সুলতানা (৫) ও শারমিন আক্তার (০) হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে হাল ধরেন সোবহানা ও নিগার। দুজনের দৃঢ়তায় ধাক্কা সামলে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। দুইজর মিলে চতুর্থ উইকেটে রেকর্ড ১৯৫ রানের জুটি গড়েন। ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোবহানা। অন্য প্রান্তে ১১৪ বলে ৭ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন নিগার। দুজনের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান তোলে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন মেগান। তবে বাংলাদেশের সংগ্রহ অস্ট্রেলিয়ার জন্য যথেষ্ট ছিল না। রান তাড়ায় নেমে দুই ওপেনার জর্জিয়া ভোল ও ফোবি লিচফিল্ডের ব্যাটে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকেরা।

উদ্বোধনী জুটিতে মাত্র ২১.৩ ওভারে ১৬২ রান যোগ করেন দুজন। ৫১ বলে ৭০ রান করে লিচফিল্ড ফিরলে জুটি ভাঙে। তাকে ফেরান স্বর্ণা আক্তার। তবে তাতে অস্ট্রেলিয়ার জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি।

আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের ওপর আধিপত্য ধরে রাখেন ভোল। ৯৭ বলে ১৯টি চারের সাহায্যে ১৩১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এলিস পেরি অপরাজিত থাকেন ১৯ রানে। মাত্র ২৮.১ ওভারেই ১ উইকেট হারিয়ে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সোবহানার সেঞ্চুরি তাই শেষ পর্যন্ত পরিণত হয় ব্যক্তিগত অর্জনেই।