স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম নতুন ক্লাবে যোগ দিয়েছেন। ইতালির চতুর্থ স্তরের ফুটবল লিগে খেলা সেস্ত্রি লেভান্তেতে নাম লিখিয়েছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
শনিবার (১০ অক্টোবর) এক ঘোষণায় তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। তবে চুক্তির মেয়াদ ও আর্থিক শর্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে ইতালির আরেক দল ওলবিয়া ক্যালসিওতে খেলেছেন ফাহামিদুল। সেখানে প্রায় দেড় মৌসুমে ২৮টি ম্যাচ খেলে একটি গোল করেন তিনি।
গত জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন ঠিকানা খুঁজছিলেন বাংলাদেশের এই মিডফিল্ডার। বর্তমানে ইতালির পেশাদার ফুটবলের চতুর্থ স্তরে খেলছে সেস্ত্রি লেভান্তে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তৃতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করলেও ২০২৪-২৫ মৌসুম শেষে অবনমনের কারণে চতুর্থ স্তরে নেমে যায় দলটি।
ইতালিতেই ফুটবলে বেড়ে উঠেছেন ফাহামিদুল। বয়সভিত্তিক পর্যায়ে স্পেজিয়া ও সাম্পদোরিয়ার হয়ে খেলেছেন তিনি। পরে ইতালির সিরি ডিতে লিগর্না, লিভর্নো ও ওলবিয়ার জার্সিতেও মাঠে নেমেছেন এই বাংলাদেশি ফুটবলার।
২০২৫ সালে বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফাহামিদুল। একই বছরের ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় তার। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন ফাহামিদুল। সদ্য সমাপ্ত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের তিনটি ম্যাচেই অংশ নেন তিনি। তবে এখনো জাতীয় দলের জার্সিতে গোলের দেখা পাননি এই তরুণ মিডফিল্ডার।
এদিকে, নতুন ক্লাব সেস্ত্রি লেভান্তে ইতালির চতুর্থ স্তরের লিগে খুব একটা ভালো অবস্থানে নেই। ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে রয়েছে দলটি। সপ্তম রাউন্ডে আজ সেলে ভারাজ্জের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।











































