Home খেলাধুলা বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল : ক্রিস গেইল

বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল : ক্রিস গেইল

2

স্পোর্টস ডেস্ক।।

লিজেন্ডদের চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের বিপক্ষে একটি রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া পাহাড়সমান ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে ক্যারিবীয়দের।

শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেলেও এটিকে একরৈখিকভাবে ‘দাপট’ বলতে নারাজ ইউনিভার্সাল বস ক্রিস গেইল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী রূপ ধারণ করে বাংলাদেশ। ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে এক ঝলমলে ইনিংস। ৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলীয় সংগ্রহকে মজবুত ভিতের ওপর দাঁড় করান তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২১৮ রান।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের আবহ তৈরি করে দেন চ্যাডউইক ওয়াল্টন ও ক্রিস গেইল নিজেই। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৫ বলে ৫৬ রান তুলে সাজঘরে ফেরেন গেইল। তবে উইকেটের অন্যপ্রান্তে অবিচল ছিলেন ওয়াল্টন।

৫টি চার ও ৮টি নজরকাড়া ছক্কার মারপ্যাঁচে ৪৩ বলে ৯০ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন তিনি। ক্যারিবীয়রা জয়ের বন্দরে পৌঁছায় আর মাত্র ৫ বল হাতে রেখে।

ম্যাচ শেষে প্রতিপক্ষ বাংলাদেশ দলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্রিস গেইল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সহজে ম্যাচটি বের করে নেওয়া যায়নি।

গেইলের ভাষায়, ‘আমি বলব না যে আমরা বাংলাদেশকে শাসন করতে পেরেছি। ২১৯ রান (হবে ২১৮) করতে বাংলাদেশ সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে। এটা অসাধারণ। বাংলাদেশ দলের হয়ে রনি তালুকদার ভালো ব্যাটিং করেছেন, এবং অধিনায়ক মাহমুদউল্লাহও খুব ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিল।’

নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ক্যারিবীয় ওপেনার আরও যোগ করেন, ‘কিন্তু ২০০ রান তাড়া করতে আমাদের একটি ভালো শুরু দরকার ছিল। আমি এবং লেন্ডল একরকম ভিত্তিটা গড়ে দিয়েছিলাম। তারপর অবশেষে চ্যাডউইক ওয়াল্টন এসে আমাদের জন্য ইনিংসটি শেষ করে দিয়েছে।’

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ওয়েস্ট ইন্ডিজ।