Home আঞ্চলিক চট্টগ্রামে ডিবির অভিযান: ৪টি মোবাইল ও ৬টি সিমসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী হাসিব...

চট্টগ্রামে ডিবির অভিযান: ৪টি মোবাইল ও ৬টি সিমসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী হাসিব গ্রেপ্তার

5

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মোবাইলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে হাসিবুর রহমান ফরাজী ওরফে হাসিব খান (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত পৌনে তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

তিনি জানান, খুলনা শহরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যাসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তদন্তে নামে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত হাসিবের অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহরে শনাক্ত করে অভিযান চালায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইল ও সিম ব্যবহার করেই হাসিব খুলনার বিভিন্ন ব্যক্তিসমূহকে হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। বর্তমানে আলামত হিসেবে জব্দকৃত ডিভাইস ও সিমকার্ডের কললিস্টসহ যাবতীয় ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এ চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিবের বিরুদ্ধে খুলনার লবণচরা, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় মোট ৬টি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অপরাধের ধারা রয়েছে।

ডিবি প্রধান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “খুলনায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না। চাঁদাবাজির সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোরভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”