স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমানকে মহানগর এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। সাবেক এই মেয়র প্রার্থীর নাম খোদ দলের নীতিনির্ধারণী মহলেই বেশ গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, মহানগর কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ সদস্য সচিব পদের দৌড়ে এগিয়ে রয়েছেন দুই সম্ভাবনাময় নেতা-হামীম রাহাত অথবা ডা. আবদুল্লাহ। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে এই দুই নেতার নামই তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে জোর আলোচনায় রয়েছে।
দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, খুলনা মহানগরীতে সংগঠনকে সুসংগঠিত ও বেগবান করতেই এই নতুন নেতৃত্ব নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই শীর্ষ পদগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে এস এম মুশফিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি স্পষ্ট করে কিছু না বললেও দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।










































