Home খেলাধুলা আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার সবুজ সংকেত

আসিয়ান কাপে ভারতের বদলে খেলবে বাংলাদেশ, ফিফার সবুজ সংকেত

7

স্পোর্টস ডেস্ক।।

শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে ভারতের জায়গায় বাংলাদেশকে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে ফিফা। শনিবার (২২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরই তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। এ নিয়ে ফিফার সঙ্গে আলোচনা শুরু হয়েছিল বলে জানিয়েছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। সেই আলোচনার পর এবার সবুজ সংকেতও মিলেছে।

ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে ছিল ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। ভারতের আগে চীনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। তাদের জায়গায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়।

শুরুতে দক্ষিণ এশিয়া থেকে অতিথি দল হিসেবে শুধু ভারতকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ৩ অক্টোবর নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৪ দল নিয়ে দুই বিভাগে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো হবে ইন্দোনেশিয়ায়। আর চ্যালেঞ্জ ডিভিশনের ম্যাচ হবে হংকংয়ে।

আসিয়ান কাপ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিজেদের আরেকবার মেলে ধরার বড় মঞ্চ হতে চলেছে।