Home আঞ্চলিক বিশেষ যৌথ অভিযানে ২৩ জন গ্রেফতার, ধরা পড়েছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক...

বিশেষ যৌথ অভিযানে ২৩ জন গ্রেফতার, ধরা পড়েছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি

23

স্টাফ রিপোর্টার:

খুলনা মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ২ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৪ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ২ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, আড়ংঘাটা থানা থেকে ৭ জন এবং খানজাহান আলী থানা থেকে ১ জনকে আটক করা হয়েছে।

বিশেষ অভিযানে সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং খুলনা সদর থানার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ একাধিক হত্যা মামলার আসামি মো. লেলিন হাওলাদার (৩৪), মো. হোসেন মুন্সি (২৪), নয়ন (২২) ও হাফিজুল ওরফে সোহেল (৪০)কে গ্রেফতার করা হয়। এছাড়া কথিত সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী রাসেল এবং আরেক মাদক কারবারি মিজানকেও আটক করা হয়েছে।

কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত) পরিচালিত পৃথক বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনা থানা থেকে ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৮ জন, হরিণটানা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ৬ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন, আড়ংঘাটা থানা থেকে ৯ জন, খানজাহান আলী থানা থেকে ৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।