স্টাফ রিপোর্টার
নগরীর শিরোমনি বাজারের দক্ষিণ পাশ থেকে বিপুল পরিমাণ ইসলামী বইসহ গ্রেফতার জামাত-শিবিরের ৩কর্মিকে নাশকতা মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা হলেন খানজাহান আলি থানাধিন শিরোমনি পুর্বপাড়ার মো. শাহআলমের ছেলে মো. আশরাফুল আলম ওরফে শামীম (৩১), মৃত. আব্দুস সাত্তার শেখের ছেলে মো. শওকত শেখ (২৫) ও মৃত. শেখ নাদের হোসেনের ছেলে শেখ আফজাল হোসেন (৬৩)।
মামলার বিবরণে জানা যায়, ৯ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে খানজাহান আলি থানাধিন শিরোমনি বাজারের পশ্চিম পার্শ্বে শিরোমনি দক্ষিণ পাড়াগামী রোডস্থ আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ৩৫ আইটেমের বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ ইসলামী বইসহ ৩জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই মো. এবাদুল হক বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে খানজাহান আলি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন যার নং-৫।








































