ক্রীড়া প্রতিবেদক
সেই মার্চের ১১ তারিখে মিরপুরের ফাডলাইট জ্বলেছিল সর্বশেষ। এরপর প্রতিযোগিতা দূরে থাক, করোনার কারণে ক্রিকেটই মাঠে নামতে পারেনি। স্থবির ক্রিকেটাঙ্গনে ধীরে ধীরে স্বস্তির বাতাস বইতে শুরু করার পরও কেটে গেছে সাত মাস। এই সময়টাতে একবারের জন্যও মিরপুর ফাডলাইট জ্বলেনি। অবশেষে আজ রবিবার ফাডলাইটের আলোয় আলোকিত হয়ে উঠবে মিরপুরের ২২ গজ। মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স একাদশ।
দর্শক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাবেন না। তবে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচটি দেখতে পারবেন। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে শোনা যাবে ধারাবিবরণী। করোনা অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ বাতিল করে দেওয়ার পর অক্টোবরে নির্ধারিত শ্রীলঙ্কা সফর নিয়ে রোমাঞ্চিত ছিলেন ক্রিকেটাররা। কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কা সফরটিও স্থগিত হয়। সফর স্থগিত হলেও বিসিবির উদ্যোগে ক্রিকেটের মধ্যেই আছেন তামিম-মুশফিকরা। দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলে এখন কৃত্রিম আলোর নিচে প্রতিদ্বন্দ্বিতায় নামার অপেক্ষায় তারা। দীর্ঘ অপেক্ষার পর মিরপুরের ২২ গজ আলোকিত হতে যাচ্ছে।
মাহমুদউল্লাহএকাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম।
নাজমুলএকাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
নেইমার-ফিরমিনো জাদুতে ব্রাজিলের গোল উৎসব
ক্রীড়া প্রতিবেদক
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। সাও পাওলোর মাঠে বলিভিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। একটি করে গোল করেছেন ফিলিপ্পে কুতিনহো, মার্কুইনহোস। বাকি গোল নিজেদের জালে বল জড়িয়ে ব্রাজিলকে উপহার দিয়েছেন বলিভিয়ার হোসে কারাসকো।
তবে গোল না পেলেও ব্রাজিলের জার্সিতে ১০২তম ম্যাচ খেলতে নামা নেইমার দুটি অ্যাসিস্ট করে ঠিকই বড় ভূমিকা রেখেছেন। যদিও তিতের জন্য এর চেয়েও বড় সুসংবাদ হলো, নেইমার এখন পুরো ফিট। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও পিঠের ইনজুরির কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু মাঠে নামার পর সব শঙ্কা উধাও। গত নভেম্বরে দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। এরপর করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতি। বিশ্বকাপ বাছাইপর্বও চলতি বছরের মার্চ থেকে অক্টোবরে পিছিয়ে আসে। কিন্তু মাঠের খেলায় তিতের দলকে দেখে মোটেও মনে হয়নি যে ২০২০ সালে এটাই তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম থেকেই দুর্দান্ত সব আক্রমণে বলিভিয়াকে পর্যুদস্ত করেছে ব্রাজিল। এমনকি শুরুর ৩ মিনিটের মধ্যে ২ গোলও পেয়ে যাতে পারতো স্বাগতিকরা। কিন্তু এভারটন এবং মার্কুইনহোস দুটি দারুণ সুযোগ নষ্ট করেন। তবে শুরুতে মিস করলেও ১৬তম মিনিটে ঠিকই দানিলোর ক্রস থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনহোস। গোল হজম করে ছন্নছাড়া হয়ে পড়া বলিভিয়ার রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিল রীতিমত গোল উৎসব করেছে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় রেনান লোদির ক্রস প্রতিপক্ষের ডি-বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন ফিরমিনো। প্রথমার্ধ যেখানে শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু করে ব্রাজিল। বিরতির ৪ মিনিট পরেই নেইমারের বানিয়ে দেওয়া বলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লিভারপুল স্ট্রাইকার ফিরমিনো। ৬৬তম মিনিটে নিজেদের জালে বড় জড়িয়ে দেন বলিভিয়ার হোসে কারাসকো। এরপর শেষ বাঁশি বাজার ১৭ মিনিট আগে নেইমারের ক্রস থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন বার্সার অ্যাটাকিং মিডফিল্ডার কুতিনহো।
দাবায় সৌদি ও জর্ডানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান নেশন্স (রিজনস) অনলাইন দাবা প্রতিযোগিতায় দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। সৌদি আরব ও জর্ডানের বিপক্ষে জয়ের পর ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে দল।
অনলাইনে হওয়া এই প্রতিযোগিতায় গতকাল শনিবার তিন রাউন্ডের খেলা হয়। সৌদি আরবকে ৪-০ গেম পয়েন্টে উড়িয়ে দেওয়া বাংলাদেশ পরের রাউন্ডে ৩.৫-০.৫ গেম পয়েন্টে জিতে জর্ডানের বিপক্ষে। সৌদি আরবের বিপক্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার এবং ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান নিজেদের খেলায় জেতেন। দ্বিতীয় রাউন্ডে জর্ডানের বিপক্ষে জিয়া, রিফাত ও ফাহাদ জেতেন, ড্র করেন নিয়াজ।
তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-২ ড্র করে বাংলাদেশ। এবারও জেতেন রিফাত, ড্র করেন নিয়াজ ও জিয়া। ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে যান ফাহাদ। তিন রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৩৮ দেশের মধ্যে সপ্তম স্থানে আছে বাংলাদেশ।
অবশেষে ঢাকায় আসছেন এইচপির ইংলিশ কোচ
ক্রীড়া প্রতিবেদক
আগেই জানা ভিসা বিভ্রাটের কারণে তিনি সঠিক সময়ে আসতে পারেননি। তাই টবি র্যাডফোর্ডকে ছাড়াই শুরু হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের (এইচপি) প্র্যাকটিস।
এদিকে বিসিবি প্রেসিডেন্স কাপে নাজমুল হোসেন শান্ত’র দলের কোচের দায়িত্বও পেয়েছেন টবি র্যাডফোর্ড। এ কারণে আর দেরি নয়, এরই মধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন এ ইংলিশ কোচ। সব কিছু ঠিক থাকলে আজ রবিবার ভোরেই রাজধানীর হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্যর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চেপে বসেছেন টবি র্যাডফোর্ড।
জুনিয়র বিশ্বকাপে আশায় হকির প্রস্তুতি শুরু
ক্রীড়া প্রতিবেদক
চেনা টার্ফে খেলা। স্বপ্নটাও তাই বেশ বড়। হকির জুনিয়র বিশ্বকাপে খেলতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যে আজ রবিবার থেকে অনুশীলন শুরু করবে দল। কোচ মামুনুর রশীদ জানালেন, প্রস্তুতির জন্য হাতে যথেষ্ঠ সময় ও ভালো খেলোয়াড় আছে। আছে লক্ষ্য পূরণের সামর্থ্যও।
আগামী বছর ২১ জানুয়ারি ঢাকায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ। ডাক পাওয়া ৩৬ জন খেলোয়াড় শনিবার রিপোর্টিং করেছেন কোচের কাছে। শুরুতে ফিটনেস ফিরে পাওয়ার দিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন কোচ। বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, চাইনিজ তাইপে, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, উজবেকিস্তান ও পাকিস্তানের খেলা কথা। সেরা তিনটি দল ভারতে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চান রশীদ।
জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়ন্স লীগের লোগো উন্মোচন
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জিলা স্কুল এক্স স্টুডেন্টস ফুটবল চ্যাম্পিয়ন্স লীগ-২০২০ এর লোগো উন্মোচন এবং ফিক্চার ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর হাজী মহাসিন রোডে লোগো উন্মোচন করা হয়।
২০ অক্টোবর থেকে জিলা স্কুল মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে স্কুলের এসএসসি ব্যাচ ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত ৬টি ব্যাচের ১২টি দল অংশগ্রহন করবে। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি নগদ ৮হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলের জন্য নগদ ৬হাজার টাকা ও ট্রফি প্রদানের ঘোষণা করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তানভীর বারী হামিম।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ব্যাচ ২০১৪ এর শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রোহান, ব্যাচ ২০১৫ এর শিক্ষার্থী মোস্তাকিন রাফাত, কো-চেয়ারম্যান ২০১৬ ব্যাচের হাসানুল সাকী, কমিটির সদস্য ২০১৭ ব্যাচের শিক্ষার্থী জহুরুল তানভীর, ২০১৯ ব্যাচের রাকিন আহমেদ, ২০২০ ব্যাচের আব্দুল্লাহ আল বারী সাদাফ এবং সকল দলের ক্যাপ্টেন ও ম্যানেজারবৃন্দ।
নারী ফুটবলারদের অভিনন্দনে সিক্ত কিরণ
ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয়বার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ। ৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৭০ ভোট পেয়ে ১১ তম সদস্য নির্বাচিত হয়েছেন ফিফার কাউন্সিল মেম্বার কিরণ।
গতকাল শনিবার শুরু হয়েছে নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। এএফসির দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট সামনে রেখে ৩৩ জন ফুটবলার নিয়ে এই ক্যাম্প শুরু করেছে বাফুফে। অনুশীলনের প্রথম দিন ক্যাম্পের মেয়েরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাফুফে মহিলা উইংয়ের চেয়ারম্যান ও নবনির্বাচিত নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণকে।
বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রার অন্যতম কারিগর মাহফুজা আক্তার কিরণ। তার নেতৃত্বেই বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়া থেকে এশিয়া অঞ্চলে ভালো ফলাফল করছে। এক সময় যে মেয়েরা প্রতিপক্ষের সামনে গোলবন্যায় ভাসতো, এখন সেই মেয়েরাই গোলবন্যায় ভাসাচ্ছে প্রতিপক্ষদের।
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিতে বিওএ’র দ্বারস্থ সিদ্দিকুর
ক্রীড়া প্রতিবেদক
প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলে ইতিহাস গড়েছিলেন গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিকে খেলা এই গলফারের চোখ টোকিও অলিম্পিকেও খেলা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাগুলো বন্ধ হয়ে আছে। কবে শুরু হবে তারও ঠিক-ঠিকানা নেই। অলস সময় কাজে লাগাতে চান সিদ্দিকুর রহমান। টোকিও অলিম্পিকে সরাসরি খেলার জন্য উন্নত প্রশিক্ষণ নিতে যেতে চান যুক্তরাষ্ট্রে। এ জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে এক লাখ ৬০ হাজার ডলার চেয়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
মিরাজের ঘরে নতুন অতিথি
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ছেলের বাবা হয়েছেন। গতকাল শনিবার সকালে মিরাজ ও রাবেয়া আক্তার প্রীতির ঘরে এসেছে নতুন অতিথি। জাতীয় দলের স্পিন অলরাউন্ডার জানিয়েছেন, স্ত্রী ও সদ্যজাত সন্তান দুজনেই ভালো আছেন। বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বসিত মিরাজ।
নিজের ফেসবুক পেজে আনন্দের খবরটি ভাগাভাগি করছেন মিরাজ এভাবে, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’ স্ত্রীর ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডাডর, ‘আল্লাহর অশেষ রহমতে সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছে।’
ঝিকরগাছায় শুরু হচ্ছে ওয়ালটন কারাতে প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক
ঝিকরগাছা কারাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কারাতে (কাতা) প্রতিযোগিতা-২০১৯।’ এবারের এই প্রতিযোগিতা হবে কেবল প্রদর্শনী ইভেন্ট কাতা’র। যেখানে সাতটি জেলার শতাধিক ছেলে-মেয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশ নিবে।
অন্যান্যবার ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঝিকরগাছায় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা আয়োজন করা হলেও মহামারি করোনাভাইরাসের কারণে এবার সেটা সম্ভব হচ্ছে না। তবে সাতটি জেলা নিয়ে হচ্ছে এবারের এই কারাতে (কাতা) প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতা হবে বয়সের ভিত্তিতে চারটি ক্যাটাগোরিতে। তার মধ্যে শিশু শ্রেণি (১০-১১ ও ১২-১৩ বছর বয়সী ছেলে-মেয়ে), ক্যাডেট শ্রেণি (১৪-১৫ বছর বয়সী ছেলে-মেয়ে), জুনিয়র শ্রেণি (১৬-১৭ বছর বয়সী ছেলে-মেয়ে) ও সিনিয়র শ্রেণি (১৮-২০ বছর বয়সী ছেলে-মেয়ে)। প্রত্যেকটি ক্যাটাগোরির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ীদের মেডেল দেওয়া হবে। এছাড়া দলগত বিজয়ীদের ট্রফি দেওয়া হবে। অংশ নিতে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে খুলনা, যশোর, ফরিদপুর, ঢাকা।
ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন শিয়াওতেক
ক্রীড়া প্রতিবেদক
অবিশ্বাস্য পথচলায় ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জয়ের উল্লাসে মাতলেন ইগা শিয়াওতেক। ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে যুক্তরাষ্টের সোফিয়া কেনিনকে সরাসরি সেটে হারিয়েছেন ১৯ বছর বয়সী এই পোলিশ খেলোয়াড়।
রোলাঁ গারোঁয় গতকাল শনিবার শিরোপা লড়াইয়ে ৬-৪, ৬-১ গেমে জেতেন শিয়াওতেক। কোনো সেট না হারিয়েই মুকুট পরলেন এই টিনএজার। ৮১ বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন শিয়াওতেক। এবার হয়ে গেলেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়। কে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে ১৯৯২ সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কমবয়সী হিসেবে শিরোপা জিতলেন ২০০১ সালের ৩১ মে জন্ম নেওয়া শিয়াওতেক।
নিশ্চিত জয় কেড়ে নিল কলকাতা
ক্রীড়া প্রতিবেদক
লক্ষ্য ১৬৫ রানের। শেষ ২৪ বলে কিংস ইলেভেন পাঞ্জাবের দরকার ২৯ রান। হাতে ৯ উইকেট। জয়টা তখন কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল লোকেশ রাহুলের দলের। সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটা ২ রানে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
১৯তম ওভারের শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন রাহুল। ৫৮ বলে ৬ বাউন্ডারিতে ৭৪ রান করা এই ওপেনার প্রসিধ কৃষ্ণার ওই ওভারে আউট হন, পাঞ্জাবও হঠাৎ ছিটকে পড়ে ম্যাচ থেকে। শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৪ রান। ক্যারিবীয় স্পিনার সুনিল নারিনের ওই ওভারে ১১ রান তুলতে পারে রাহুলের দল, তার আগে ১৮তম ওভারে এই নারিনই মাত্র ২ রান খরচ করে নেন ১টি উইকেট। শেষতক ৫ উইকেটে ১৬২ রানে থেমেছে পাঞ্জাব। অথচ বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ১৪.১ ওভারে দলকে এনে দিয়েছিলেন ১১৫ রানের জুটি। সেখান থেকে নানা নাটকীয়তায় শেষটায় কাঁদতে হলো পাঞ্জাবকে।
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাদাল-জোকোভিচ লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রত্যাশা পূরণ হলো টেনিসপ্রেমীদের। এবারের ফ্রেঞ্চ ওপেনের ড্রয়ের পর রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের ফাইনালে মুখোমুখি হওয়ার যে পথ তৈরি হয়েছিল, সেটি মিলে গেছে। প্রথম সেমিফাইনাল জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিলেন নাদাল। পরের সেমি জিতে রোলাঁ গাঁলোতে বারুদে উত্তেজনার ফাইনাল মঞ্চ তৈরি করলেন জোকোভিচ।
শুকবার রাতে গ্রিক প্রতিদ্বন্দ্বী স্তেফানোস সিসিপাসের বিপক্ষে ম্যাথারন সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। পাঁচ সেটের লড়াই ৩৩ বছর বয়সী সার্বিয়ান জিতেছেন ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে। তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট নিতে ব্যর্থ হওয়ায় বাড়তি দুই সেট খেলতে হয়েছে এখনকার টেনিসের নাম্বার ওয়ান তারকাকে। আর্জেন্টিনার ডিয়েগো শুয়ার্তমানকে হারিয়ে রোলাঁ গাঁরো থেকে ১৩তম শিরোপা জেতার মিশনে নাদাল। কে কোর্টে তার দাপট থামিয়ে জোকোভিচ নতুন ইতিহাস লিখতে পারেন কিনা, জানা যাবে রবিবারের ফাইনাল শেষে। এ নিয়ে দুই কিংবদন্তি ৫৬বার মুখোমুখি হতে যাচ্ছেন। টেনিসে আর কোনও দুই খেলোয়াড়ের এতবার সাক্ষাতের নজির নেই। গ্র্যান্ড স্লাম হিসাব করলে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল দিয়ে তারা মুখোমুখি হতে যাচ্ছেন নবমবারের মতো।
সম্মাননা পেলেন রাশফোর্ড
ক্রীড়া প্রতিবেদক
রানির জন্মদিনে এমবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মাননায় ভূষিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। করোনা ভাইরাস মহামারির সময় ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ছুটিতে সরকারের পক্ষ থেকে ১.৩ মিলিয়ন শিশুদের মধ্যে বিনামূল্যে স্কুল আহারের অনুমতি প্রদানের দাবিতে অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী এই তারকা।
রাশফোর্ড ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে এই পরিকল্পনা বাড়ানোর জন্যও জানিয়েছিলেন। এবার এমবিই সম্মাননা পাওয়াকে ‘সুন্দর মুহূর্ত’ বলে অভিব্যক্তি প্রকাশ করেন তিনি। ইউনাইটেড ফরোয়ার্ড ছাড়াও গ্রেট নর্থ রান’র প্রতিষ্ঠাতা ব্রেন্ডন ফস্টার নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। কমনওয়েলথ গেমসে ১০ হাজার মিটার চ্যাম্পিয়ন তারকা ১৯৮০ সালে ধারাভাষ্য হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে গ্রেট ব্রিটেনের হয়ে তিনবার অলিম্পিকে প্রতিযোগিতা করেন তিনি।








































