Home আঞ্চলিক কৈয়া বাজারে বাবুল দত্ত হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৈয়া বাজারে বাবুল দত্ত হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

95


স্টাফ রিপোর্টার
নগরীর হরিণটানা থানাধিন কৈয়া বাজারস্থ জেলের মোড়ে দেবাশীষের মেহগুনি বাগানের ভিতরে বাবুল দত্তের গলা কাটা লাশ উদ্ধারের মামলার দু’আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে কৈয়াবাজার ও ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা এলাকার মো. রুস্তম শেখের ছেলে সুমন শেখ (৪৫) ও ফুলতলা উপজেলার জামিরা মোল্যাপাড়া এলাকার শামছুর মোল্যার ছেলে মুক্তি মোল্যা (৫৩)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, ২৬ জুন বাবুল দত্ত সকাল ৯টার দিকে কৈয়া বাজারস্থ জেলের মোড়ে তাদের দোকানে যান। দোকান থেকে রাজমিস্ত্রী কাজের জন্য কুলটি যান। রাত ৮টার দিকে দোকানে আসেন। এরপর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে দোকান থেকে পুনরায় বের হয়ে যান। রাত ১১টার দিকে প্রতিবেশি জানান দেবাশীষের মেহগুনি বাগানের পাশে রাস্তার উপর বাবুল দত্তের মোটরসাইকেলটি রাখা আছে। সেখানে মোবাইলের লাইট জ্বালিয়ে খোঁজার এক পর্যায়ে বাবুল দত্তের লাশ পাওয়া যায়। এঘটনায় নিহত বাবলু দত্তের ছেলে দিপু দত্ত ২৭ জুন মামলা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে হরিণটানা থানা পুলিশ কৈয়াবাজার এলাকা এবং খুলনা জেলার ফুলতলায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন শেখ ও মুক্তি মোল্যাকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিরা ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার ঘটনা স্বীকার করে। তাদের দেখানো মতে রাজবাধ দক্ষিণপাড়াস্থ অরুন বাবু ও প্রদীপ বাবুর প্লটের ইটের রাস্তার পশ্চিম পাশে রউফ সাহেবের খালের পানির মধ্য থেকে ২টি ধারালো লম্বা চাপাতি, তাদের হেফাজত থেকে ২ টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে আসামী সুমন শেখের বিরুদ্ধে ২ টি মামলার তথ্য পাওয়া যায়।