কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার দিনভর কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানের ৭ টি দোকানে অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি জব্দ করা হয়।
সকাল ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর, কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের যৌথ অভিযানে এ অবৈধ মালামাল উদ্ধার করা হয়। অভিযানে বিজিবি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের মাছ বাজার সংলগ্ন ৪ টি দোকান থেকে মোট ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি ও ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্সের সদস্যরা। এ সব জালের অনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা বলে জানা গেছে। এছাড়াও মেইন বাসস্ট্যান্ডের খাবার হোটেলসহ শহরের ৭ টি দোকানে অভিযান চালিয়ে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের পৃথক ১১ টি মামলায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অভিযানে উদ্ধারকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর জানান, কালীগঞ্জ শহরের কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন খবর জানতে পেরে শনিবার দিনভর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি উদ্ধার করা হয়েছে। যে গুলোর বাজারমূল্য আনুমানিক প্রায় ৬৫ লাখ টাকা। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এ সকল অবৈধ কারেন্টজাল ও অবৈধ চায়না দোয়াড়ির বিরুদ্ধে অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তবে, স্থানীয়দের ভাষ্য দীর্ঘদিন ধরে কালীগঞ্জের যুবলীগ নেতা আয়ুব ওরফে সুতো আয়ূব তার ভাইয়ের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযান চলাকালে তার সরব উপস্থিতিও লক্ষ্য করা যায়। এর আগেও সুতো আয়ুবের পরিচালিত ব্যবসায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে প্রশাসন।











































