খুলনাঞ্চল রিপোর্ট।।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিগগির দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা যায়, দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বেগম জিয়া।
যুক্তরাজ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসকরা ‘হোম ভিজিটের’ মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দেবেন, তখনই তিনি দেশে ফিরতে পারবেন।
এ বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ম্যাডাম দেশে ফিরবেন বলে আশা করছি। যত তাড়াতাড়ি সম্ভব তিনি দেশে ফিরবেন। ম্যাডামসহ আমরা দেশে ফিরতে শতভাগ প্রস্তুত।
এখন লন্ডন হাসপাতালের চিকিৎসকরা চূড়ান্ত নির্দেশনা দিলেই আমরা রওনা করব।
খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্?যাপন করেছেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।










































