ক্রীড়া প্রতিবেদক
চার বছর পর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নির্বাচন হয়। সময়ের পরিক্রমায় আরও একটি নির্বাচন আসন্ন। আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন তার দুই সহকারীর সঙ্গে বাফুফে ভবনে ঘণ্টা দেড়েক সভা করে এই তফসিল ঘোষণা করেছেন। তফসিলে নির্বাচনী কার্যক্রম শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার থেকে। ওই দিন থেকে মনোনয়নপত্র বিলি শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তা কিনতে পারবেন। মনোয়নপত্র কিনতে সকল প্রার্থীকে বেশ ভালোই টাকা খসাতে হবে। সভাপতি ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার ও সদস্য পদে ২৫ হাজার টাকা লাগবে। বাফুফে ভবনের হিসেব শাখা কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় টাকা জমা দিয়ে তা কেনার সুযোগ আছে। মনোনয়নপত্র দাখিল করা যাবে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল ৯ সেপ্টেম্বর। এটারও সময়ক্ষণ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা। মনোনয়নপত্রের বাছাই হবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩ টা থেকে।
মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ আছে ৮ সেপ্টেম্বর থেকে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা এই কার্যক্রম চলবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়া হবে ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টায়। নির্বাচন হবে ৩ অক্টোবর হোটেল সোনারগাঁওয়ে। সেইদিনই দুপুর ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১৩৯ জন কাউন্সিল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলাফলও সেই দিনই ঘোষণা হবে।
সালমা-রুমানাদের জন্য আসছেন নতুন ইংলিশ কোচ
ক্রীড়া প্রতিবেদক
নারী দলের হেড কোচের পদটা ফাঁকা রয়েছে মার্চ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে সালমা-রুমানাদের পরবর্তী কোচ হবেন ইংল্যান্ডের। অর্থাৎ নারী দল ইংলিশ কোচ পেতে যাচ্ছেন।
নারী ক্রিকেটারদের জন্য দুজন ইংলিশ কোচ রয়েছেন বিসিবি’র সংক্ষিপ্ত তালিকায়। এই দুজনের মধ্য থেকেই একজনকে নিয়োগ দেওয়া হবে। এরপর হেড কোচের মতামতের ওপর ভিত্তি করেই বাকি কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হবে।
বিসিবি’র একটি সূত্র বলছে, ‘বিসিবির সংক্ষিপ্ত তালিকায় দুইজন ইংলিশ কোচ আছেন। তাদের মধ্যে থেকেই একজনকে বেছে নেয়া হবে, এ মাসেই। ‘ চলতি বছর অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর মার্চেই মেয়েদের ভারতীয় হেড কোচ অঞ্জু জৈনকে অব্যাহতি দেয় বিসিবি। এরপর বাকি কোচিং স্টাফদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। তবে নারী দলের জন্য ইংলিশ কোচ এই প্রথম নয়। এর আগেও একজন ইংলিশ কোচ টাইগ্রেসদের দায়িত্বে ছিলেন। অঞ্জু জৈনের আগে সালমা-রুমানাদের হেড কোচ ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড ক্যাপেল।
২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন ক্যাপেল। ২ সেপ্টেম্বর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।
মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
করোনার সংকটের এই পর্যায়ে পুরনো চিত্রে ফিরতে শুরু করেছে ক্রিকেট। এরই মধ্যে চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন৷ বিসিবির শিডিউল অনুসারে আজও বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূল মাঠে ব্যাটিং এবং বোলিং করেছেন ১২ ক্রিকেটার।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে সকালের শুরুতেই মূল মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং করেন তামিম। তাকে বোলিং করেছেন স্পিনার তাইজুল। দীর্ঘক্ষণ রানিং আর জিম করেছেন মুশফিকুর রহিম। পরে ব্যাটিং অনুশীলন করেন। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। বোলিং অনুশীলন করেছেন মুস্তাফিজ-বিপ্লব-তাইজুলরা। এছাড়া ট্রেইনারের সঙ্গে অনুশীলন করেছেন আল আমিন, তাসকিন, শফিউলরা।
উপসর্গ থাকলে ভোট দেওয়া যাবে না
ক্রীড়া প্রতিবেদক
পুরো বিশ্বের সঙ্গে বাংলাদেশেরও লড়াই চলছে করোনাভাইরাসের সঙ্গে। এরইমধ্যে ধীরেসুস্থে সবকিছু স্বাভাবিক করে আনার চেষ্টা চলছে। তবে সবকিছুই হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই সব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।
ভোট কেন্দ্রে ঢোকার আগে কোনও ভোটার কিংবা ডেলিগেটের করোনা উপসর্গ দেখা গেলেই তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভোটও দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। সকালে হবে কংগ্রেস। দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৩৯ জন কাউন্সিলর আগামী চার বছরের জন্য ফুটবলে নতুন নির্বাহী কমিটি নির্ধারণ করবেন।
সাকিব অনুশীলন শুরু করবেন কাল
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট থেকে সাকিব আল হাসানের এক বছরের নির্বাসন শেষ হতে বেশি দেরি নেই। আবার আসন্ন শ্রীলঙ্কা সফরেই দলের সঙ্গে যোগ দেওয়ার একটা সুযোগও তৈরি হয়েছে।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ক্রিকেটে ফেরার আগে কাল শনিবার থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। প্রায় সাড়ে ৫ মাস পর গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। আগামী কয়েকদিন তিনি বিকেএসপিতে শৈশবের দুই ক্রিকেট গুরু নাজমুল আবেদিন এবং মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করবেন। এরপর ২৯ অক্টোবর এই ৩৩ বছর বয়সী অলরাউন্ডার তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পুনরায় শুরু করতে পারবেন।
পাকিস্তান সুপার লিগ শেষ নভেম্বরে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের থাবায় শেষ হতে পারেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শেষ চারটি ম্যাচ বাকি রেখেই বন্ধ করে দিতে হয়েছিল পিএসএলের শেষ অংশ।
দীর্ঘ বিরতির পর এবার পিএসএলের শেষ চারটি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দিন-তারিখও ঘোষণা করে ফেলেছে তারা। আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হবে পিএসএলের নকআউট পর্ব, তথা কোয়ালিফায়ার ও ইলিমিনেটরের তিনটি ম্যাচ এবং ফাইনাল। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ১ম ও দ্বিতীয় দল মুলতান সুলতান এবং করাচি কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার। একই দিন অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে তৃতীয় এবং চতুর্থ হওয়া দুই দল লাহোর কালান্দার এবং পেশোয়ার জালমির মধ্যকার ইলিমিনেটর ম্যাচ। ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং ইলিমিনেটরের জয়ী দল। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। পিসিবি জানিয়েছে, এই চার ম্যাচের প্রতিটিই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে।
অন্যলোকে ইংলিশ ক্রিকেটার ক্যাপেল
ক্রীড়া প্রতিবেদক
২০১৮ সালে ব্রেন টিউমার ধরা পড়ে ডেডিভ ক্যাপেলের। তাতে ভুগেই দুইবছর পর বুধবার অন্যলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট ও ২৩টি ওয়ানডে খেলা অলরাউন্ডার। যে ইংলিশ কাউন্টিতে খেলোয়াড় ও কোচ হিসেবে টানা ৩২ বছর কাটিয়েছেন ক্যাপেল, সেই নর্দাম্পটনশায়ার জানিয়েছে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।
১৯৮১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নর্দাম্পটনশায়ারের হয়ে ২৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ক্যাপেল। ৭৭ বছরের মধ্যে নর্দাম্পটনশায়ারে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষিক্ত হন তিনি ১৯৮৭ সালে, পাকিস্তানের বিপক্ষে। তিনমাস আগেই অবশ্য ওয়ানডেতে অভিষেক হয় প্রতিশ্রুতিশীল দনতুন বোথামের’ । ওই বছর করাচিতে পাকিস্তানের বিপক্ষে করা অপরাজিত ৯৮ রানই আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস।
বার্সায় ফিরে এলেন কুতিনিয়ো
ক্রীড়া প্রতিবেদক
এক মৌসুমের জন্য তাকে ধারে পাঠিয়েছিল বার্সেলোনা। বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা ও জার্মান কাপের পাশে চ্যাম্পিয়নস লিগ, অর্থাৎ ত্রিমুকট (ট্রেবল) জিতিয়ে ফিরে এলেন ফিলিপ্পে কুতিনিয়ো।
বুধবার মিউনিখ ছেড়ে আসার আগে কুতিনিয়ো ইনস্টগ্রামে ধন্যবাদ জানিয়েছেন বায়ার্নকে, ‘কাবের সব সমর্থক, খেলোয়াড় ও স্টাফকে এই মৌসুমটির জন্য ধন্যবাদ জানাই। এটা সত্যিই অসাধারণ এক মৌসুম গেছে যেখানে আমি অনেক কিছু শিখেছি এবং অবিস্মরণীয়ভাবে ট্রেবল জিতেছি।’ বায়ার্ন মিউনিখের অফিসিয়াল ওয়েবসাইটে কাবটির প্রধান কার্ল হেইঞ্জ রুমেনিগে ধন্যবাদ জানিয়েছেন কুতিনিয়োকেও, ‘ফিলিপ্পে কুতিনিয়োকে অনেক ধন্যবাদ। তার সৃষ্টিশীলতা ও দুর্দান্ত নৈপুন্য এই ত্রিমুকুটজয়ী মৌসুমে আমাদের ফুটবলকে উজ্জীবিত করেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তার পারফরম্যান্স প্রমাণ করেছে তাকে ধারে নেওয়াটা ছিল দারুণ সিদ্ধান্ত।’
১০০ মিলিয়ন ইউরোতেও বিক্রি হতে পারেন মেসি
ক্রীড়া প্রতিবেদক
লিওনেল মেসিকে ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। যদিও বুধবার আর্জেন্টাইন তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনায় সমঝোতা আসেনি।
মেসির বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ছেলে ন্যু ক্যাম্পে থাকবে না। এই অবস্থায় বার্সেলোনা নাকি ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ কজের শর্ত থেকে সরে এসেছে। ১০০ মিলিয়ন ইউরোতেও তারা বিক্রি করে দিতে পারে মেসিকে।
মেসির বাবা কথাটা জোর গলায় বলে আসায় এখন নাকি অনেকটাই নমনীয় বার্সেলোনা কর্তৃপক্ষ। টেলিগ্রাফ ছেপেছে, মেসি-বার্সা ট্রান্সফার লড়াইয়ের সঙ্গে জড়িত সূত্রের দাবি, বার্সেলোনা বাইআউট কজের ৭০০ মিলিয়ন ইউরোর অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা ১০০ মিলিয়ন ইউরোর ‘পরিমিত’ অর্থে বিক্রি করার চিন্তা-ভাবনা করছে মেসিকে।
নেইমারদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলের নারী ফুটবলাররা এখন পুরুষ ফুটবলারদের সমান বেতন পাবেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের পর এমন বেতন-ভাতায় পুরুষ ও নারী দলের মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
পুরুষ ও নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি গত বছর সামনে আনেন যুক্তরাষ্ট্রের পেশাদার নারী ফুটবলাররা। যুক্তরাষ্ট্র ফুটবলের নীতি নির্ধারকদের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন-ভাতা ও কাজের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছিলেন তারা। তবে তাদের এই অভিযোগ গত মে মাসে খারিজ করে দেয় একটি আদালত। যদিও পরে অস্ট্রেলিয়া বেতন বৈষম্য দূর করেন। ২০০৭ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিলের নারী ফুটবল দল, অলিম্পিকের ফাইনালে খেলেছিল ২০০৪ ও ২০০৮ সালে। তবে শিরোপা জেতা হয়নি কোনো বারই।
আইপিএলের সূচি প্রকাশ আজ
ক্রীড়া প্রতিবেদক
দুই সপ্তাহ বাকি, এখনও আইপিএলের সূচি ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ করতে এত দেরি কেন করছে বিসিসিআই? কবে প্রকাশিত হবে সূচি? এবার বিষয়টি পরিষ্কার করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। জানিয়ে দিলেন, সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার আইপিএলের সূচি প্রকাশ করা হবে।
সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘কিছু সমস্যা ছিল সেগুলো মিটে গিয়েছে। আশা করছি, দুদিনের মধ্যেই সূচি চলে আসবে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আজ শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বরে আশা করছি বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করে দেবে।’
ইউএস ওপেনে সর্বাধিক জয়ের মালিক সেরেনা
ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছুঁতে পারবেন কীনা সেটা সময় বলবে। কিন্তু জয় দিয়েই ২০২০ ইউএস ওপেন অভিযান শুরু করলেন সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, স্বদেশী ক্রিস্টি আনকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন মার্কিন টেনিস তারকা।
ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের নিরিখে ক্রিস ইভার্টের সঙ্গে এতদিন একাসনে ছিলেন সেরেনা। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচ জিতে ইভার্টকে টপকে ইউএস ওপেনে ম্যাচ জয়ের নিরীখে শীর্ষে উঠে এলেন তিনি। দর্শকশূন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন সেরেনার পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৩। ইউএস ওপেন এদিন ১০২তম জয়টি তুলে নিয়ে আরেক কিংবদন্তি ইভার্টকে টপকে যান ২৩টি মেজরের মালকিন। উল্লেখ্য, ইউএস ওপেনে সর্বাধিক জয়ের নিরিখে এক্ষেত্রে সেরেনা পিছনে ফেলেছেন পুরুষ প্রতিযোগীদেরও।
নিউইয়র্কে শীর্ষ বাছাই প্লিসকোভার পতন
ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেনের মেয়েদের একক থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের এ তারকা হার মেনেছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়ার কাছে।
বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা তারকা প্লিসকোভা প্রথম সেট হারেন ১-৬ গেমে। দ্বিতীয় সেটে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে টাই করেন ৬-৭ গেমে। কিন্তু টাইব্রেকারে আর পেরে উঠেননি। বিশ্বের ৫০তম খেলোয়াড় গার্সিয়ার কাছে প্লিসকোভা ধরাশায়ী হন ২-৭ গেমে। তবে জয় দিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা, ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও জার্মানির অ্যাঞ্জেলিক কারবার।
জিতেই চলেছেন জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডের বাধাও আধিপত্য দেখিয়েই উতরে গেছেন নোভাক জোকোভিচ। কাইল এডমুন্ডকে হারিয়ে পৌঁছে গেছেন ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে।
জোকোভিচ-এডমুন্ডের মধ্যকার প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াই অমীমাংসিত থেকে যায় ৬-৭ গেমে। পরে টাইব্রেকারে ৫-৭ গেমে হেরে পিছিয়ে পড়েন বিশ্বের নাম্বার ওয়ান এ তারকা। কিন্তু পরের তিন সেটে ব্রিটিশ প্রতিপক্ষকে আর পাত্তাই দেননি জোকোভিচ। নিউইয়র্কের ফাশিং মিডোসে এডমুন্ডকে ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডের টিকিট কাটেন এ সার্বিয়ান মেগাস্টার। অসাধারণ এ জয় দিয়ে ২০২০ সালে অজেয় রয়ে গেলেন ১৮তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি প্রত্যাশী জোকোভিচ। তৃতীয় রাউন্ডে জোকোভিচ লড়বেন জার্মানির জ্যান-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে।
বেলের কাঠগড়ায় রিয়াল মাদ্রিদ
ক্রীড়া প্রতিবেদক
গত মৌসুমেও রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ছিলেন না নিয়মিত। একাধিকবার তার দলছুট হওয়ার গুঞ্জনও শোনা গেছে। কিন্তু গ্যারেথ বেল শেষ পর্যন্ত রিয়ালেই রয়ে গেছেন। নতুন ঠিকানায় যেতে না পারার জন্য ওয়েলসের এই ফরোয়ার্ড দুষলেন রিয়াল কর্তৃপক্ষকে।
মাদ্রিদের দলটির সঙ্গে এখনও দুই বছরের চুক্তি আছে বেলের। নতুন মৌসুম সামনে রেখে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। জানান, সবকিছু রয়েছে রিয়ালের হাতে। গত বছর আমি চলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা শেষ মুহূর্তে সবকিছু আটকে দেয়। ওই প্রকল্প নিয়ে আমি রোমাঞ্চিত ছিলাম, কিন্তু সেটা বাস্তবে রূপ পায়নি। আরও কিছু প্রস্তাব ছিল, যেগুলো নিয়ে আমরা ভেবেছি, কিন্তু কাব রাজি হয়নি বা নিজেরাও কিছু করেনি। এটা কাবের ব্যাপার।” ২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়ে দলটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি করে লা লিগা ও কোপা দেল রে এবং তিনটি করে উয়েফা সুপার কাপ ও কাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন বেল। দলটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।









































