Home খেলাধুলা ‘নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো সঠিক সিদ্ধান্ত’

‘নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানো সঠিক সিদ্ধান্ত’

81

স্পোর্টস ডেস্ক।।

ফিফা নারী বিভাগের প্রধান কর্মকর্তা সারাই বারেমানের মতে, এবারের নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। আসরে একের পর এক অঘটন এটাই প্রমাণ করে।
এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২টি করা হয়েছে। যা নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে।

কেউ কেউ এ কথাও বলেছেন, গ্রুপ পর্বে বেশিরভাগ ম্যাচই হবে একপেশে। কিন্তু বাস্তবে তা হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বড় পরিসরের এই বিশ্বকাপে বেশ কিছু অঘটন এরই মধ্যে দেখে ফেলেছে ফুটবল বিশ্ব।

ব্রাজিলকে পিছনে ফেলে জ্যামাইকা গ্রুপ পর্বের বাঁধা পেরিয়েছে। মরক্কো ও কলম্বিয়াকে নক আউট পর্বে জায়গা করে দিতে জার্মানি ও দক্ষিণ কোরিয়া বিদায় নিয়েছে। নাইজেরিয়া গ্রুপ পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়েছে। নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে মরক্কো, জ্যামাইকা ও ফিলিপাইন।

ইএসপিএনকে বারেমান বলেছেন, দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যে শতভাগ সঠিক ছিল তা এরই মধ্যে প্রমাণিত। তিনি বলেন, ‘বিশ্বকাপে দলের সংখ্যা ৩২’এ উন্নীত করাটা ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটি সিদ্ধান্ত।’

এরপর তিনি বলেন, ‘এতে শুধুমাত্র মূল পর্বে অংশ নেয়া দলগুলোই প্রভাবিত হয়নি। বরং বাছাইপর্বে খেলা দলগুলোও উপকৃত হয়েছে। ক্রমাগত উন্নতির পথে থাকা নতুন দলকে আমার খুঁজে পেয়েছি। গ্রুপ পর্বের ফলাফলই সব বলে দিচ্ছে।’

বারেমান আরো বলেন, ‘ঐতিহ্যগত সুপারপাওয়ার ও উদীয়মান দেশগুলোর মধ্যে পার্থক্য ক্রমেই কমে আসছে। এটা আমাকে সত্যিই সন্তুষ্ট করেছে। সত্যিকার অর্থেই আমি দলগুলোকে নিয়ে দারুণ খুশি।’

ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা আটটি দলের সাতটিই ছিল ইউরোপের। সেখানে ইউরোপীয়ান আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কিন্তু এবার ইউরোপীয়ানবেশ কিছু বড় দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।