স্পোর্টস ডেস্ক।।
আটালান্টা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডে ডেনমার্কের স্ট্রাইকার রাসমাস হোলান্ডকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ বছরের জন্য ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন হোলান্ড। চুক্তি পত্রে আরো এক বছর বাড়ানোর কথা বলা আছে।
ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে দলে একজনকে স্ট্রাইকারকে দলে ভেড়ালো। সব মিলিয়ে ২০ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য এ্যাড-অন ক্লজ হিসেবে আরো ৮ মিলিয়ন পাউন্ড গুনতে হবে ইউনাইটেডকে।
হোলান্ড বলেছেন, ‘এটা এখন আর গোপন নয় যে ছোটবেলা থেকেই আমি এই ক্লাবের অনেক বড় একজন ভক্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডের মাঠে হাঁটার স্বপ্ন আমি সবসময়ই দেখেছি। ঐ স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেয়ে আমি সত্যিই দারুন উত্তেজিত। ক্লাব আমার উপর যে আস্থা রেখে তার প্রতিদান দিতে আমি দৃঢ়প্রতিজ্ঞা। এখনো আমি ক্যারিয়ারের শুরুর পর্যায়ে রয়েছি। কিন্তু আমি জানি ইউনাইটেডের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। বিশ্বমানের কিছু খেলোয়াড়ের সাথে মাঠে নামার অপেক্ষা আর শেষ হচ্ছে না।’
শনিবার লেন্সের বিরুদ্ধে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয়ের ঠিক আগ মুহূর্তে ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের সাথে হোলান্ডাকে পরিচয় করিয়ে দেয়া হয়। ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে হোলান্ডের সাথে চুক্তি নিশ্চিত করে ইউনাইটেড।
টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেনকে পেতে ব্যর্থ হবার পর থেকেই হোলান্ড টেন হাগের শীর্ষ টার্গেটে পরিণত হয়েছিলেন। ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও হোলান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল। গত মৌসুমে মাঝে মাঝেই দলের আক্রমনভাগ নিয়ে দুঃশ্চিন্তায় থাকা টেন হাগ এবার যেকোন মূল্যে একজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে আগ্রহী ছিলেন।
২০২০ সালে ড্যানিশ ক্লাব এফসি কোপেনহেগেনের হয়ে ক্যারিয়ার শুরুর পর হঠাৎ করেই হোলান্ডের উত্থান হয়। দুই বছর পর তিনি অস্ট্রিয়ান ক্লাব স্টার্ম গ্রাজে পাড়ি জমান। এই ক্লাবের হয়ে ২১ ম্যাচে ১২ গোল করার পর আটালান্টার সাথে ২০২২ সালের আগস্টে চুক্তিভূক্ত হন। গত মৌসুমে ইতালিয়ান ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ ম্যাচে ১০ গোল করেছেন। আর এতেই টেন হাগের নজরে পড়েন তিনি।
ডেনমার্কের হয়ে ছয় ম্যাচে এ পর্যন্ত ছয় গোল করেছেন ৬ ফিট ২ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার। দৈহিক ফিটনেসের প্রমান দিয়ে তিনি প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের পরাস্ত করতে পারবেন বলে আশা করছে ইউনাইটেড। আগামী ১৪ আগস্ট ঘরের মাঠে উল্ফসের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। সে ম্যাচে রেড ডেভিলসের জার্সিতে অভিষেক হতে পারে তার।









































