স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ শুরুর ক’দিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফুটবলার মেগান র্যাপিনো। স্বাভাবিকভাবেই জাতীয় দলের জার্সিতে তিন শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বকাপে নেমেছিল তার দলটি। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইডেনের মেয়েরা।
রোববার মেলবোর্নের রেক্টেঙ্গুলার স্টেডিয়ামে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল সুইডেন। তবে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। এতে যুক্তরাষ্ট্রকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে সুইডিশ মেয়েরা। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে মেগান র্যাপিনোদের।
চলমান টুর্নামেন্টে ফেভারিট দুই দলের লড়াইটাও হয়েছে উপভোগ্য। পুরো ম্যাচে দারুণ দাপট দেখালেও এদিন সুইডিশ গোলরক্ষক জেসিরা মুসোভিচের কাছেই বারবার পরাস্ত হয়েছে যুক্তরাষ্ট্র।
পুরো ম্যাচে অন্তত চারবার দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন চেলসির নারীদলের এই গোলরক্ষক। পুরো ম্যাচে ২২ বার সুইডেনের গোলমুখে শট নিলেও গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র। সোফিয়া স্মিথ, লিন্ডসে হোরান আর অ্যালেক্স মরগ্যানদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্রের বিশ্বমানের আক্রমণভাগকে বারবার হতাশ হতে হয়েছে।
যুক্তরাষ্ট্র ম্যাচের সেরা সুযোগ পেয়েছিল ৫৩তম মিনিটে। প্রথমার্ধের দূর্বল খেলার পর দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাতেই পেয়ে যায় গোলের সুযোগ। ডিবক্সের ভেতর থেকে দারুণ এক শট নেন যুক্তরাষ্ট্র অধিনায়ক হোরান।
কিন্তু তাকে হতাশ করেছেন সুইডিশ গোলরক্ষক মুসোভিচ। ম্যাচের বাকি সময়টা আক্রমণ করেও সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। গোলের আশায় অভিজ্ঞ মেগান র্যাপিনোকেও নামানো হয়েছিল। কাজের কাজ করতে পারেননি একসময়ের বিশ্বসেরা এই ফুটবলারও।
শেষ পর্যন্ত অবশ্য খেলা গড়ায় টাইব্রেকারে। সুইডেনের ন্যাথিলাইন বোর্ন আর রেবেকা ব্লুমভিস্ট মিস করলে জয়ের স্বপ্ন দেখতে থাকে যুক্তরাষ্ট্র। তবে এদিন ভাগ্য যেন ছিল সুইডেনের পক্ষে। অভিজ্ঞ মেগান র্যাপিনো এবং সোফিয়া স্মিথের মিসে সাডেন ডেথে গড়ায় ম্যাচ। সেখানে আবার মিস করেন যুক্তরাষ্ট্রের কেলি ও’হারা।
শেষ শটে লিনা হুর্টেগের শট ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের অ্যালিসা নেহার। তবে শূন্যে ভেসে গোললাইন অতিক্রম করে সেই শট। ভিডিও রেফারির সিদ্ধান্তে দেয়া হয় গোল। আর তাতেই নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইডেন।









































