ক্রীড়া প্রতিবেদক।।
তামিমের পিঠের চোট পুরোনো। সম্প্রতি চিকিৎসা নিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। এরপরই টাইগারদের ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাঁহাতি এ ওপেনার।
এরই মধ্যে হঠাৎ করে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির তামিম ইকবাল। রোববার দুপুর একটার দিকে মিরপুরে পা রাখেন দেশসেরা এ ওপেনার।
মিরপুরে এসে প্রথমে মেডিকেল বিভাগে কিছুক্ষণ অবস্থান করেন তামিম। সেখান থেকে বেরিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে যান তিনি। সেখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে মিরপুর থেকে চলে যান সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক।
জানা গেছে, বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গে নিজের শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করতেই এদিন মাঠে এসেছিলেন তামিম।
এদিকে তামিম ইকবালের সরে যাবার পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী কদিনের মাঝেই নতুন অধিনায়কের ইস্যুতে ঘোষণা দিবে ক্রিকেট বোর্ড।









































