# স্পোর্টস ডেস্ক।।
সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদের হয়ে নিজের শুরুটা দারুণ করেছিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। দলকে একাই লড়াই করে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের টুর্নামেন্টের শেষ আটে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে গিয়ে থেমে যেতে হয় তাকে।
শনিবার দিবাগত রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে করিম বেনজেমার দল। এ দিনে পেনাল্টি মিস করেন বেনজেমা। এই হারের কারণে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় ঘটল ইত্তিহাদের।
ওই দিন খেলার ১৪ মিনিটে পিছিয়ে পড়ে ইত্তিহাদ। আল-হিলালের হয়ে গোল করেন সেরগেচ সেভিক (১-০)। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে সালিম আলদাসরির গোলে ব্যবধান দ্বিগুন করে হিলাল। বিরতির পর সমতা ফেরানোর চেষ্টা করে ইত্তিহাদ।
খেলার ৫৬ মিনিটে রোমারিনহোর গোলে ব্যবধান কমায় বেনজেমার দল। খেলার ৭০ মিনিটে হিলালের হয়ে ম্যালকমের গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আল হিলাল (৩-১)।
ওই ম্যাচে ব্যবধান আরো একবার কমানোর সুযোগ পেয়েছিল ইত্তিহাদ। খেলার ৭৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল দলটি। পেনাল্টি মিস করেন বেনজেমা। বাকি সময়ে গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে আল-ইত্তিহাদ।









































