স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ ক্লাব লিভারপুলে দাপুটে ফুটবল খেলেছেন সাদিও মানে। অল রেডসদের হয়ে সবকিছু ঠিকই যাচ্ছিল তার। তবে হঠাইৎই ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন তিনি। বলতে গেলে এক প্রকার ক্লাবের অনিচ্ছ্বাতেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন এ সেনেগাল তারকা।
জমকালো আয়োজনে মানেকে বরণ করে নেয় বায়ার্ন। তবে ক্লাবটির জার্সিতে মৌসুমটা ভালো যায়নি তার। কারণটা হলো ইনজুরি সমস্যা। কিন্তু তাকে দ্বিতীয় সুযোগ না দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের কাছে বিক্রি করে দিয়েছে তারা। যে সিদ্ধান্ত মানতে পারছেন না সেনেগালিচ স্ট্রাইকার মানের এজেন্ট। তার মতে, ফুটবলীয় দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত বাজে সিদ্ধান্ত নিয়েছে বায়ার্ন।
এক সাক্ষাৎকারে মানের এজেন্ট বলেন, ‘মানেকে বিক্রি করে দেওয়ার বিষয়টি ফুটবলীয় সিদ্ধান্ত না। মানের বেতন জার্মানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা মানতেই পারছিল না যে, একজন আফ্রিকান হয়ে কীভাবে মানে বায়ার্নে যোগ দিলেন এবং অন্যদের চেয়ে বেশি বেতনভুক্ত হলেন। সুতরাং তারা এটা থেকে মুক্তি চাইছিলেন।’
সাদিও মানের এজেন্ট আরো বলেন, ‘তারা (বায়ার্ন) সাদিও মানেকে মুখোমুখি বসে কিছু বলেনি। তারা শুধু তাকে বিক্রির জন্য টুখেলকে পাঠিয়েছিল। তাকে জানিয়ে দেওয়ার জন্য যে, সে তৃতীয় পছন্দের লেফট উইঙ্গার। সাদিওর জার্মানিতে কিছুই প্রমাণের সুযোগ দেওয়া হয়নি। সে আজ যেখানে এসেছে তা বায়ার্নের জন্য না যে তাদের ধন্যবাদ দিতে হবে। বায়ার্ন অকৃতজ্ঞ। ধন্যবাদ প্রাপ্য লিভারপুলের।’









































