ক্রীড়া প্রতিবেদক।।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। মূলত এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা, কে হচ্ছেন টাইগারদের পরবর্তী অধিনায়ক? এমন প্রশ্নে সবার পছন্দের শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান।
শনিবার গণমাধ্যমে টাইগার অধিনায়ক প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অধিনায়ক বানানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া।’ তবে শুধু বোর্ড সভাপতিই নন, তার সঙ্গে বোর্ডের অন্য কর্তারাও নাকি চান সাকিবের কাঁধে উঠুক অধিনায়কত্বের ভার।
বোর্ড সভাপতি ও অন্য কর্তাদের ইতিবাচক ইঙ্গিতের পর ধারণা করা হচ্ছে, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবের কাঁধে উঠতে যাচ্ছে দলের দায়িত্ব। যদিও সাকিবের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আগে থেকেই ছিল বড় গুঞ্জন।
বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যেই সাকিবের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বর্তমানে শ্রীলংকায় রয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সেখানে লংকা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সেখানেই সাকিবের কাছে বোর্ডের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হবে দুই একদিনের ভেতরেই।’
বোর্ডের সেই সূত্র আরো বলেন, ‘বোর্ড সভাপতি নিজেই বিষয়টি দেখছেন। ওর কাছে দু-একদিনের ভেতর চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে তার কাছে। আমরা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি। দীর্ঘমেয়াদেই ওকে আমরা দলের দায়িত্ব দেব। এর ভেতর লিটনও নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে। আপাতত আমাদের পরিকল্পনা রয়েছে অন্তত দুই বছরের জন্য তাকে অধিনায়ক করা।’
যদি সত্যিই এমনটি হয়, তাহলে অন্তত ২০২৫ সাল পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব।









































