স্পোর্টস ডেস্ক।।
নারী ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ের ষষ্ঠ শীর্ষ দল স্পেন। ৫ ধাপ পিছিয়ে ১১তম স্থানে জাপান। তবে মাঠের খেলায় স্প্যানিয়ার্ডদের ফুটবল শেখালো জাপান। টিকিটাকা পাসিং ফুটবল খেলে দুই তৃতীয়াংশ বল দখলে রাখলো স্পেন। তবে কাজের কাজটি করে দেখালো জাপানিজরা। গতকাল নিউজিল্যান্ডের স্কাই স্টেডিয়ামে নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে স্পেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জাপান। এতে জাপান গড়ে অনন্য কীর্তি। ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় জাপান। গোলটি করেন স্ট্রাইকার হিনাতা মিয়াজাওয়া।
২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিকো ইউয়েকি। ৪০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন মিয়াজাওয়া।
আর ৮২তম মিনিটে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের জাপানিজ ফরোয়ার্ড মিনা তানাকা। ম্যাচজুড়ে ৭৮ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নেয় স্পেন। যার মধ্যে লক্ষ্যে ছিল ২টি। বিপরীতে মাত্র ২২ শতাংশ বল দখলে রেখে ৭টি শটের ৫টিই লক্ষ্যে রাখে জাপান। তার মধ্যে ৪টিই গোল। গত ১২ বছরে নারী বিশ্বকাপে সবচেয়ে কম বল পজেশনে রেখে জয় পাওয়া দল জাপান। নারী বিশ্বকাপে এশিয়ান দল হিসেবে ইউরোপিয়ান টিমের বিপক্ষে দ্বিতীয় বড় জয় এটি। ১৯৯৯ আসরে নরওয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের সবচেয়ে বড় জয়টি পেয়েছিল চীন নারী দল।
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের কাছে ৪টি গোল হজম করলো স্পেন। টুর্নামেন্টটিতে এটি স্প্যানিয়ার্ডদের সবচেয়ে বড় হার। টানা দুই জয়ে আগেই ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পেয়েছিল স্পেন ও জাপান। তাই তৃতীয় ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্বাচনের খেলা। এতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোতে নামছে জাপান। আগামী ৫ই আগস্ট রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের মুখোমুখি হবে জাপানিজরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা স্পেন শেষ ষোলোতে খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। আগামী ৫ই আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচটি। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে কোস্টারিকাকে ৩-১ গোলে হারায় জাম্বিয়া। তিন ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ হলো জাম্বিয়ার। আর ৩ ম্যাচে পয়েন্ট শূন্য কোস্টারিকার।
কানাডাকে বিদায় করে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া
ড্র করলেই শেষ হবে বিশ্বকাপ যাত্রা। কঠিন সমীকরণ নিয়ে কানাডা নারী ফুটবল দলের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। কঠিন পরীক্ষায় দারুণভাবে উত্তীর্ণ হয় সকারুরা। গতকাল মেলবোর্নের এএএমআই পার্কে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে কানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট পায় সকারুরা।
আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার কাছে অভাবনীয়ভাবে হেরে যায় সকারুরা। এতে অস্ট্রেলিয়ানদের শেষ ষোলোর টিকিট না পাওয়ার সম্ভাবনা জাগে। শঙ্কা উড়িয়ে সাবেক চ্যাম্পিয়ন কানাডাকে বিদায় করার ম্যাচে জোড়া গোল করেন রিয়াল মাদ্রিদের অস্ট্রেলিয়ান উইঙ্গার হেয়লি রাসো। একটি করে গোল করেন ম্যারি ফাওলার এবং স্টেফানি ক্যাটলি। দিনের আরেক ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে নাইজেরিয়া। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় হিসেবে শেষ ষোলোর টিকিট পায় নাইজেরিয়া।











































