স্টাফ রিপোর্টার:
খুলনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির মাধ্যমে ভার্চুয়াল কোর্টের বিচারিক কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কণিকা বিশ্বাস।
এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম, মো. শাহীদুল ইসলাম, ড. আতিকুস সামাদ ও তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বিপুল চন্দ্র জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ অনুযায়ী ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে উদ্বোধনী দিনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩৫টি মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এতে ৩৫টি মামলায় ৩০জন আসামির জামিন মঞ্জুর হয় এবং ৫জন আসামির জামিন নামঞ্জুর হয়। জামিনের আদেশ প্রদান করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ। সকাল ১০টা থেকে শুরু করে আদালতের কার্যক্রম চলে দুপুর ২টা পর্যন্ত।
এখন থেকে প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত থাকবে।









































