নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে দিনমজুরের হামলায় সৈয়দ মুক্তার হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে হামলার ঘটনাটি ঘটে। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুক্তার হোসেন। নিহত মুক্তার হোসেন নোয়াগ্রামের মৃত
সৈয়দ জাফর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, মুক্তার হোসেন তার জমিতে কাজ করানোর জন্য প্রতিবেশী দিনমজুর (শ্রমিক) মিজানুরকে ঠিক করেছিলেন। কিন্তু শনিবার মুক্তার হেসেনের জমিতে কাজ না করে অন্যত্র কাজে যান মিজানুর। আর তাতেই ক্ষিপ্ত হয়ে মিজানুরকে বকাবকি করেন মুক্তার হোসেন। ওইদিন (শনিবার) সন্ধ্যায় মুক্তার হোসেন বাড়ি ফেরার পথে দিনমজুর মিজানুরসহ তার সহযোগীরা মিলে মুক্তার হোসেনকে ঘিরে
বেধড়ক মারধর করতে থাকে। ঠেকাতে আসলে মুক্তার হোসেনের ছেলে ইসমাইলকে (২১) মেরে
আহত করে মিজানুর বাহিনী। গুরুতর আহত অবস্তায় মুক্তার হোসেনকে উদ্ধার করে স্থানীয়
দিঘলিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্তার অবনতি হলে রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্তিতি স্বাভাবিক রয়েছে।









































