Home জাতীয় চাল চুরিতে ধরা খেয়ে চেয়ারম্যান বললেন ‘ভুল হয়েছে’

চাল চুরিতে ধরা খেয়ে চেয়ারম্যান বললেন ‘ভুল হয়েছে’

17

খুলনাঞ্চল রিপোর্ট:

বরগুনার পাথরঘাটায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আটক করা হয়েছে। ৪ এপ্রিল, শনিবার দুপুর ১২টার দিকে কাকচিড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, সরকার প্রতিবছর ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সাগরে চার মাসের জন্য ইলিশ সুরক্ষায় ঝাটকা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পাড়ায় তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। এ কারণে নিবন্ধিত প্রতি জেলেকে মাসে ৪০ কেজি করে চাল দেয় সরকার। এ বছর করোনা প্রতিরোধে সকল মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় গত ১ এপ্রিল থেকে জেলেদের এক সঙ্গে ২ মাসের ৮০ কেজি করে চাল দেয়া শুরু করেছে। কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার এলাকার সাড়ে পাঁচশ জেলের অনুকূলে বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চাল পাথরঘাটা খাদ্য গুদাম থেকে ছাড়িয়ে আনেন। মেম্বরদের না জানিয়ে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার একান্ত কিছু জেলেদের মধ্যে ১৪ মোট্রিকটন চাল বিতরণ করে ৩০ মোট্রিকটন আত্মসাত করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে শুক্রবার ইউপি সদস্যসহ জেলেরা তার কাছে আসলে ইউএনওকে নিয়ে কাকচিড়া পরিষদে গিয়ে তদন্ত করে সত্যতা পান। পরে বিষয়টি জেলা প্রসাশকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে যৌথবাহিনীর মাধ্যমে চেয়াম্যানকে আটক করা হয়।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, এর আগেও এই ইউপি চেয়ারম্যান এ ধরনের অপরাধ করেছেন। পরে নেতাদের অনুরোধে বারবার ছাড় পেয়ে গেছেন। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আত্মসাতের বিচার করার জন্য তাকে আটক করা হয়েছে।

এ বিষয় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু বলেন, ‘আমার ভুল হয়েছে, এ ধরনের অন্যায় আর কখনো করব না। আমাকে ক্ষমা করে দিন। আগামী ২ দিনের মধ্যে আমি সকল চাল ফেরত দেব।’