স্টাফ রিপোর্টার:

করোনা আতঙ্কে দিন কাটছে দেশবাসীর। মারণব্যাধী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, থিয়েটার থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস। কাজে স্থবির পরিস্থিতি বিরাজ করায় বেকায়দায় আছেন অস্বচ্ছল মানুষ। আর এমন মানুষদের পাশে করোনা সচেতনতায় নানা সামগ্রি বিতরণ করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন কিন্তু ভুলে যাননি নিজের জন্মস্থানের কথা।

নাড়ির টানে বুধবার ভোরে ঢাকা থেকে ছুটে আসেন খুলনায়। বিশিষ্ট কবি মা শাহ পারভিন আক্তারকে সাথে নিয়ে নগরীর গোবরচাকা এলাকার ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শাহ ডলার, নাফিজ হাসান, আব্দুল্লাহ আল মামুন, আরফান শাহ বাবু, মুক্ত, জেরিন দিবা, সজল আহমেদ, নার্গিস আক্তার, শাহ জামান, শাহ খলিল, শাহ জালাল, শাহ সৈকত, শাহ জিয়াউর রহমান স্বাধীন প্রমূখ।

‘লাভ স্টেশন’ খ্যাত ছবির অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন, আমি ক্ষুদ্র একজন মানুষ। ইচ্ছে থাকলেও বিশাল কিছু করে দেখানোর সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে সাধ্যের মধ্যে জনসাধারণের মাঝে বিনামূল্যে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি।

আর নায়িকার মা বিশিষ্ট কবি শাহ পারভিন আক্তার বলেন, সারা জীবন নিজের টাকার সাধারণ মানুষের সেবা করে আসছি। মেয়ের সমাজসেবামুলক কর্মকান্ডে তিনি গর্বিত বলে দাবী করেন। বৃহস্পতিবার সকালে চিত্রনায়িকা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন বলেন তিনি জানান। তিনি সকলার কাছে মিষ্টি জান্নাতের জন্য দোয়া কামনা করেছেন।










































