স্টাফ রিপোর্টার ।।
নগরীর বাগমারা মেইন রোডের একটি সেলুনের মধ্যে অবস্থানকালে মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে মো. আব্দুল্লাহ (১৭) কে কুপিয়ে গুরুতর জখম করার হত্যাচেষ্টা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
১৮ নভেম্বর রাতে গোপন সংবাদে ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী হলেন লবনচরা থানাধীন হরিণটানা মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম শেখের ছেলে মো. পারভেজ শেখ (৩১)। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পূর্বশত্রুতার জেরে আব্দুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে আসামীরা। আব্দুল্লাহ বাগমারা মেইন রোডের সৈয়দ মুরাদ আলীর ছেলে।
র্যাব-৬ জানায়, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর বাগমারা মেইন রোডের একটি সেলুনের মধ্যে অবস্থান করছিলো আব্দুল্লাহ। এসময় মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে। যার ফলে ভিকটিমের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। পরবর্তীতে স্থানীয়রা ভিকটিমকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আব্দুল্লাহ’র পিতা মুরাদ আলী বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন যার নং-৩৩।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা অধিনায়ক র্যাব-৬ এর নিকট আসামীদের গ্রেপ্তারে সহায়তা কামনা করে। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর রাতে জিরোপয়েন্ট এলাকা থেকে পারভেজ শেখকে গ্রেপ্তার করা হয়। আসামীকে মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।











































