Home আঞ্চলিক খুবি উপাচার্যের সাথে বিআইপি খুলনা চ্যাপ্টারের নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

খুবি উপাচার্যের সাথে বিআইপি খুলনা চ্যাপ্টারের নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

7

খবর বিজ্ঞপ্তি।।


আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) এর খুলনা চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। কমিটির নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিআইপির সদস্যবৃন্দ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমুখী পদক্ষেপ বাস্তবায়নে পরিকল্পনাবিদদের ভূমিকা উল্লেখ করেন। এসময় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের পরিকল্পনাবিদদের জাতীয় উন্নয়নে বিভিন্ন পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে কাজ করার বিষয়টি তুলে ধরেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথেও বিভিন্ন কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
উপাচার্য বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ দিয়ে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের এবং জাতীয় পর্যায়ের যেকোনো ক্ষেত্রে/উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় সহযোগিতার জন্য প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশিক উর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, বিআইপি খুলনা চ্যাপ্টারের সদস্যবৃন্দ সকলেই ইউআরপি ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট এবং তারা কেসিসি, কেডিএসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

জেলহত্যা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামী ০৩ নভেম্বর ২০২১ খ্রি. বুধবার জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন এবং সকাল ১১.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুবির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোটাই
অনলাইনে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতকৃত ডেমো প্রদর্শন

আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার বিকাল সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোটাই অনলাইনে সম্পন্নের লক্ষ্যে আইসিটি সেল কর্তৃক প্রস্তুতকৃত ডেমো প্রদর্শন করা হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন উক্ত ডেমো প্রত্যক্ষ করেন এবং কয়েকটি দিকে পরামর্শ দেন। তিনি এ ডেমো প্রস্তুত করার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা যুগের চাহিদা অনুযায়ী পুরোপুরি অটোমেশনে নিয়ে যেতে চাই। এজন্য ইতোমধ্যে ই-ফাইলিং এবং শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের ডেমো প্রদর্শন এবং অন দ্য স্পট দু’টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের দ্বিতীয় টার্ম রেজিস্ট্রেশনের মাধ্যমে পাইলটিং হিসেবে এর যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে খুব অল্প সময়ের মধ্যেই সকল ডিসিপ্লিনে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধার ফলে শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকেই তাদের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে এবং সংশ্লিষ্ট যাবতীয় বিষয় তারা অবহিত থাকতে পারবে।
এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি, আইসিটি সেলের পরিচালক ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কোর্স কো-অর্ডিনেটর এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা
আজ ০১ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৭ শতাংশ।
এর আগে গত ১৭ অক্টোবর থেকে ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ২৬ অক্টোবর। এ পরীক্ষার মাধ্যমে এ বছরের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলো।