খুলনাঞ্চল রিপোর্ট ।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিনের বিরুদ্ধে ১৪ শিক্ষার্থীর চুল কাটার অভিযোগের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন রোববারও জমা পড়েনি।
তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, অভিযুক্ত শিক্ষকের অসহযোগিতার কারণেই মূলত এ বিলম্ব। তবে সোমবার প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তারা।
তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রভাষক লায়লা ফেরদৌস হিমেল বলেন, তদন্ত কার্যক্রম আগেই শেষ হয়েছে। প্রতিবেদন জমাদানে বিলম্ব হয়েছে প্রধানত সহকর্মী ফারহানার কারণেই। এ ছাড়া কমিটির সদস্যদের নিজেদের মধ্যে চূড়ান্ত বৈঠক ও তাদের সম্মতিসূচক স্বাক্ষর, শিক্ষামন্ত্রী এবং মানবাধিকার কমিশনের সঙ্গে পৃথক আলোচনা ও মতামতের জন্যও কিছুটা বিলম্ব হচ্ছে। এসব প্রক্রিয়া শেষে সোমবার প্রতিবেদন জমা দেওয়া যেতে পারে।
দায়িত্বপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফ রোববার সন্ধ্যায় জানান, তদন্ত কার্যক্রম এরই মধ্যে শেষ হলেও শিক্ষক ফারহানা কমিটির মুখোমুখি না হওয়ায় যথেষ্ট বিলম্ব হয়েছে। তবে, বিক্ষুব্ধ ছেলেমেয়েরাও আন্দোলন ছেড়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেন কমিটির সদস্যরা।
গত ২৬ সেপ্টেম্বর ১৪ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় তদন্ত কমিটি গত ৩ ও ৫ অক্টোবর শিক্ষক ফারহানাকে ই-মেইল এবং ডাকযোগে ৪টি চিঠি পাঠায়। আত্মপক্ষ সমর্থনে বক্তব্য না দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সময় প্রার্থনা করেন ফারহানা। অবশেষে তার মতামত ছাড়াই প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।











































