Home আঞ্চলিক জলে দাঁড়িয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি দাবি

জলে দাঁড়িয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি দাবি

8

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের ভবদহ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে এখন দিশেহারা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মনিরামপুরের ভবদহ এলাকার বালিদহ পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাজারো মানুষ।

উপজেলা পানি কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের জলমগ্ন মাঠে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে পার্শ্ববর্তী অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকাবাসীও অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অভয়নগরের নারী ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ, সাবেক অধ্যক্ষ মোতালেব সরদার, মনিরামপুরের নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে জলাবদ্ধ এলাকার মানুষের প্রতি মানবিক সহায়তা, টিআরএম প্রকল্প চালু, অভয়নগরের আমডাঙ্গা রোজিপুর খাল খনন, মুক্তেশ্বরী-টেকা-হরি নদী খননসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। ভবদহ এলাকার বিশেষ করে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। ফলে মানুষের মধ্যে বিরাজ করছে সিমাহীন উৎকণ্ঠা ও দুর্ভোগ।