সাতক্ষীরা প্রতিনিধি
দিন-দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে সাড়ে চার লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লস্কর ফিলিং স্টেশনের এক কর্মচারী টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে শহরের বাইপাস সড়কের বালিয়াডাঙ্গা এলাকা থেকে অজ্ঞাত ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে।
লস্কর ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের অদূরে যশোর-সাতক্ষীরা সড়কের আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা এলাকার লস্কর ফিলিং স্টেশন-২ থেকে ৪ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে মোটর সাইকেল নিয়ে বের হন পাম্পের নজেলম্যান উত্তম সরকার। পথে সাতক্ষীরা বাইপাস সড়কের বালিয়াডাঙ্গায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিনজন ছিনতাইকারী এসে তাঁর গতিরোধ করে গলায় ছুরি ধরে তাঁর কাছে টাকা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার আগে ছিনতাইকারীরা উত্তম সরকারের মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে সড়কের ধারে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনার পর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হুসেন ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হুসেন বলেন, ছিনতাই কি না সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তাঁর কথাবার্তা অসংলগ্ন। সুতরাং বিষয়টি সন্দেহজনক। বিষয়টি নিয়ে একটি তদন্ত দল কাজ করছে।











































